ঢাকা শনিবার, ২৭ জুন ২০২৬

চীনফেরতরা কোয়ারেন্টাইনে না থাকলে জরিমানা: হংকং

চীনফেরতরা কোয়ারেন্টাইনে না থাকলে জরিমানা: হংকং
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২০ | ০১:৪০ | আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২০ | ০২:১৮

চীনে উদ্ভূত প্রাণঘাতী নভেলা করোনাভাইরাসের প্রাদুর্ভাব রুখতে নতুন পদক্ষেপ হাতে নিয়েছে হংকং। চীনের মূল ভূ-খণ্ড থেকে আগত যে কাউকেই দুই সপ্তাহ কোয়ারেন্টাইনে রাখবে হংকং কর্তৃপক্ষ।

পর্যটকদের তাদের হোটেলের কক্ষে নিজেদের একাকী রাখতে অথবা সরকার পরিচালিত কেন্দ্রগুলোতে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। হংকংয়ের বাসিন্দা, যারা চীন থেকে ফিরবে, তাদের এই সময়ের মধ্যে নিজেদের বাড়ি থেকে বের না হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যারা এই নিয়ম লঙ্ঘন করবে তাদের জেল এবং জরিমানা গুণতে হবে।

হংকংয়ে এখন পর্যন্ত ২৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়ে নিশ্চিত হওয়া গেছে, মারা গেছেন একজন। 

চীনে আক্রান্তের সংখ্যা ৩১ হাজার ২০০ জন ছাড়িয়েছে এবং মারা গেছে ৭১৭ জন।

চীনের বাইরে ২৫টি দেশে ২৭০ জন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে। এর মধ্যে ফিলিপাইনে একজন মারা গেছেন।

হংকং জানায়, চীনের মূল ভূ-খণ্ড থেকে আগত যে কারো জন্য কোয়ারিন্টিন বাধ্যতামূলক করা হয়েছে মূলত রোগটির প্রাদুর্ভাব ঠেকানোর উদ্দেশ্যে।

প্রতিদিন লাখো মানুষ চীন থেকে হংকংয়ে ভ্রমণ করে। যদিও সম্প্রতি কয়েক সপ্তাহ ধরে হংকং নিজেদের বেশ কিছু সীমান্ত পয়েন্ট বন্ধ করে দেওয়ার পর এই সংখ্যা কিছুটা কমেছে।

চলতি সপ্তাহে সম্পূর্ণভাবে সীমান্ত বন্ধ করে দেয়ার দাবিতে ধর্মঘট করে হাজার হাজার চিকিৎসাকর্মী।

হংকংয়ের কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার চীন থেকে ১১ হাজার পর্যটক প্রবেশ করেছে। এক দিন আগে এই সংখ্যা ছিল ৮ হাজার ৭২৬ জন জন।

এদিকে জাপানের উপকূলে কোয়ারিন্টিনে রাখা একটি প্রমোদ তরীর ৪১ জন আরোহীর করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে, যা নিয়ে মোট আক্রান্ত আরোহীর সংখ্যা দাঁড়ালো ৬১ জনে।

শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, চীনে গত দুইদিন ধরে সংক্রমণের সংখ্যা কিছুটা কম। তবে সংস্থাটির মহাপরিচালক টেড্রোস আঢানম ঘেব্রেয়েসাস এমন সংখ্যার প্রতি খুব বেশি মনোযোগী না হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

ডাব্লিউএইচও ১৭ হাজার রোগী সম্পর্কে নতুন তথ্য প্রকাশ করেছে। তাদের তথ্যমতে, এসব রোগীর ৮২ শতাংশের সংক্রমণ খুব হালকা, ১৫ শতাংশের অবস্থা মারাত্মক এবং ৩ শতাংশের অবস্থা গুরুতর।

আরও পড়ুন

×