করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রের নাগরিকের মৃত্যু
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২০ | ০৩:১২
প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের এক নাগরিকের মৃত্যু হয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চীনের বাইরে অন্য কোনো দেশের নাগরিকের প্রথম মৃত্যুর ঘটনা এটি। এর আগে করোনাভাইরাসে চীনের মূল ভূখণ্ডের বাইরে ফিলিপাইনে একজন ও হংকংয়ে একজনের মৃত্যু হয়। তবে ফিলিপাইনে মারা যাওয়া ব্যক্তিও চীনের নাগরিক।
নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া যুক্তরাষ্ট্রের নাগরিক চীনেই অবস্থান করছিলেন। সেখানেই তিনি এই ভাইরাসে আক্রান্ত হন। তবে তার সম্পর্কে এখন পর্যন্ত খুব কম তথ্যই জানা গেছে।
বেইজিংয়ে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস জানিয়েছে, করোনাভাইরাসে মারা যাওয়া যুক্তরাষ্ট্রের নাগরিক একজন নারী এবং তার বয়স ষাটের আশেপাশে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তিনি চীনের উহান শহরে থাকতেন, যে শহর থেকেই করোনাভাইরাসের উৎপত্তি। প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হওয়ার পর উহানের জিনিনতান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
দূতাবাসের এক মুখপাত্র বলেন, 'প্রয়াতের পরিবারের সদস্যদের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা। তার পরিবারের সদস্যদের সম্মানার্থে এ বিষয়ে আমরা আর কোনো মন্তব্য করবো না।'
গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে প্রথমবারের মতো করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর চীনসহ প্রায় ৩০টি দেশে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এই ভাইরাস। এতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত অন্তত ৭২২ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া এই ভাইরাসে আক্রান্ত হয়েছে প্রায় ৩৫ হাজার মানুষ।
চীনের সর্বত্র করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় উৎপত্তিস্থল উহান শহরসহ বেশিরভাগ এলাকা কার্যত অবরুদ্ধ করে রাখা হয়েছে। বেশিরভাগ সড়ক বন্ধ রাখা হয়েছে। বন্ধ রয়েছে গণপরিবহনও। সংক্রমণ ঠেকাতে চীনের বিভিন্ন শহরেও নানা ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বজুড়ে জরুরি অবস্থা জারি করেছে। এ ছাড়া বেশ কিছু দেশ চীনের নাগরিক বা চীন থেকে আগত অন্য দেশের নাগরিকদের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে। সূত্র: নিউইয়র্ক টাইমস ও এএফপি
