বেইজিংয়ে ফিরে আসাদের ১৪ দিন আলাদা থাকার নির্দেশ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২০ | ০৩:৩৭
প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ রোধে চীনের বেইজিং শহরে ফিরে আসা প্রত্যেককে ১৪ দিন পৃথক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে এ নির্দেশের তথ্য প্রকাশ করা হয়েছে। খবর বিবিসির
চীনের চান্দ্রবর্ষের ছুটি কাটিয়ে নানা প্রান্ত থেকে শহরে ফেরা শুরু করেছে বেইজিংয়ের বাসিন্দারা। এমন পরিস্থিতিতে বেইজিংয়ের ভাইরাস সুরক্ষা ওয়ার্কিং গ্রুপ শুক্রবার এ নির্দেশ জারি করে।
ছুটি কাটিয়ে চীনের রাজধানী বেইজিংয়ে ফিরে আসা বাসিন্দাদের নিজস্ব কোয়ারেন্টাইন বা নির্ধারিত কোয়ারেন্টাইন ভেন্যুতে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
চীনে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৩৩ জনে। এ রোগে গত ২৪ ঘণ্টায় নতুন করে মারা গেছেন ১৪৩ জন, আক্রান্ত হয়েছেন আরও ২ হাজার ৬৪১ জন। এতে আক্রান্তের সংখ্যা ঠেকেছে ৬৬ হাজার ৪৯২ জনে।
ভাইরাসটির আনুষ্ঠানিক নাম দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে সংস্থা প্রধান তেদরোস আদহানম গ্যাব্রিনাস জানান, নতুন এ ভাইরাস এখন থেকে কভিড-১৯ (COVID-19) নামে পরিচিত হবে।
গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে প্রথমবারের মতো করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর চীনসহ প্রায় ৩০টি দেশে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এই ভাইরাস।
চীনের সর্বত্র করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় উৎপত্তিস্থল উহান শহরসহ বেশিরভাগ এলাকা কার্যত অবরুদ্ধ করে রাখা হয়েছে। বেশিরভাগ সড়ক বন্ধ রাখা হয়েছে। বন্ধ রয়েছে গণপরিবহনও। সংক্রমণ ঠেকাতে চীনের বিভিন্ন শহরেও নানা ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
- বিষয় :
- করোনাভাইরাস
- চীন
