ইয়েমেনে সৌদি যুদ্ধবিমান বিধ্বস্ত, ভূপাতিতের দাবি বিদ্রোহীদের
ফাইল ছবি/বিবিসি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২০ | ০০:৪১ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২০ | ০০:৪৭
ইয়েমেনে সৌদি আরবের একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা বলছেন, তারা সৌদি যুদ্ধবিমানটি গুলি করে ভূপাতিত করেছেন।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব নেতৃত্বাধীন জোট ২০১৫ সাল থেকে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের দমনে লড়াই চালিয়ে যাচ্ছে। এরই অংশ হিসেবে গত শুক্রবার ইয়েমেনের উত্তরাঞ্চলীয় প্রদেশ আল-জাওফে সেনাবাহিনীর একটি ইউনিটের কাছাকাছি থেকে তাদের সহায়তায় বিমান হামলা চালানোর সময় সৌদি যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়।
সৌদি নেতৃত্বাধীন জোটের এক মুখপাত্র যুদ্ধবিমান বিধ্বস্তের বিষয়টি নিশ্চিত করে জানান, সহায়তামূলক অভিযান চালানোর সময় সৌদি আরবের একটি টর্নেডো ফাইটার 'পড়ে গেছে'।
তবে হুতি বিদ্রোহীরা দাবি করেছেন, গত শুক্রবার রাতে সৌদি আরবের একটি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছেন তারা।
এদিকে জাতিসংঘ জানিয়েছে, শনিবার আল-জাওফ প্রদেশে সৌদি আরবের বিমান হামলায় ৩১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে অন্তত ১২ জন।
