ঢাকা সোমবার, ২৯ জুন ২০২৬

সিএএ নিয়ে সুপ্রিম কোর্টে জাতিসংঘ, ভারত বললো হস্তক্ষেপের অধিকার নেই

সিএএ নিয়ে সুপ্রিম কোর্টে জাতিসংঘ, ভারত বললো হস্তক্ষেপের অধিকার নেই
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ মার্চ ২০২০ | ০৬:৫২ | আপডেট: ০৩ মার্চ ২০২০ | ০৭:৩৪

ভারতে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে চলা মামলায় পক্ষভুক্ত হওয়ার জন্য সুপ্রিম কোর্টে একটি আবেদন জানিয়েছে জাতিসংঘ।

জাতিসংঘের মানবাধিকার রক্ষা হাইকমিশনার কার্যালয়ের পক্ষে ওই আবেদন করা হয় বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে।

সুপ্রিম কোর্টে এ বিষয়ে এখনও কোনও মন্তব্য না আসলেও এই আবেদনের পরিপ্রেক্ষিতে কড়া প্রতিবাদ জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

তারা বলছে, সংশোধিত নাগরিকত্ব আইন দেশের অভ্যন্তরীণ ব্যাপার। কোনও বিদেশি সংগঠনের এই ইস্যুতে ভারতের সার্বভৌমত্ব নিয়ে হস্তক্ষেপ করার অধিকার নেই।

গত বছরের ডিসেম্বরে সংসদে সিএএ পাশ হওয়ার পর থেকে এর বিরোধিতায় মুখর হয়েছে তৃণমূল, কংগ্রেসসহ বিভিন্ন বাম দলগুলি।

এরপর জানুয়ারিতেও সিএএর আইনি বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে ১৪৩টি আবেদন জমা পড়েছিল সুপ্রিম কোর্টে। জাতিসংঘও এতে অংশ নিচ্ছে। এই সিদ্ধান্তের কথা তারা জেনেভায় ভারতের স্থায়ী দূতাবাসকে জানিয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, সংশোধিত নাগরিকত্ব আইন দেশের অভ্যন্তরীণ ব্যাপার। ভারতের সংসদের আইন প্রণয়নের সার্বভৌম অধিকার রয়েছে। আমরা দৃঢ় ভাবে বিশ্বাস করি, কোনও বিদেশি সংগঠনের ভারতের সার্বভৌমত্বে হস্তক্ষেপের অধিকার নেই।

তারা আরও বলেছে, আমরা পরিষ্কার করে দিয়েছি সিএএ সাংবিধানিক ভাবে বৈধ এবং সাংবিধানিক মূল্যবোধগুলির সমস্ত প্রয়োজনীয়তাগুলির অনুবর্তী।

প্রসঙ্গত, গত ডিসেম্বরে সংসদে পাস হয় সংশোধিত নাগরিকত্ব আইন। তারপর থেকে দেশজুড়ে শুরু হয়েছে প্রতিবাদ। এই আইনে ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে আগত ধর্মীয় নিপীড়ের শিকার অমুসলিম শরণার্থীদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে।



আরও পড়ুন

×