ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

প্রেসক্রিপশন ছাড়া মাস্ক বিক্রি হবে না মহারাষ্ট্রে

প্রেসক্রিপশন ছাড়া মাস্ক বিক্রি হবে না মহারাষ্ট্রে
×

ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ মার্চ ২০২০ | ০৬:৩৫ | আপডেট: ০৭ মার্চ ২০২০ | ০৭:০৪

নভেল করোনাভাইরাসের জেরে ভারতে মাস্ক বিক্রি বেড়ে গেছে বহুগুণে। বিশেষ করে এন৯৫ মাস্কের চাহিদা এখন তুঙ্গে। এই সুযোগে ব্যবসা বেশ জমিয়েছে কালোবাজারিরা। এতে করে চিন্তিত বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।তাদের আশঙ্কা, মাস্কের তীব্র সংকট দেখা দিতে পারে।

ভারতের সংবাদ প্রতিদিন বলছে, পরিস্থিতি মোকাবিলায়  নয়া উদ্যোগ নিয়েছে মহারাষ্ট্র প্রশাসন। এখন থেকে প্রেসক্রিপশন ছাড়া আর বিক্রি করা হবে না  (এননাইনফাইভ) মাস্ক।

সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) পক্ষ থেকে বলা হয়েছে, 'যে হারে (এননাইনফাইভ) মাস্ক অকারণে ব্যবহার করা হচ্ছে, তাতে আকাল দেখা দেওয়াই স্বাভাবিক। যদি সর্দি-কাশির সমস্যা দেখা যায় তাতে অন্য ধরনের মাস্ক ব্যবহার করুন। ভিড়ে ঠাসা জায়গায় গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন। তাতে (এন৯৫)  মাস্ক পরার প্রয়োজনীয়তা নেই। অযথা ভয় পেয়ে (এন৯৫) মাস্ক ব্যবহার করে জোগানে ঘাটতি তৈরি করবেন না।'

ডব্লিউএইচওর ওই নির্দেশিকার পরই  নড়েচড়ে বসেছে মহারাষ্ট্র প্রশাসন। এরপর তারা জানায়, এবার থেকে আর ইচ্ছামতো এন৯৫ মাস্ক কিনতে পারবেন না কেউ। যদি চিকিৎসক প্রেসক্রিপশনে ওই মাস্ক ব্যবহারের কথা উল্লেখ করেন, তবেই তা কেনা যাবে। 

প্রশাসনের বক্তব্য, যে হারে এন৯৫ মাস্ক কিনছেন সাধারণ মানুষ, তাতে খুব অল্প সময়ের মধ্যেই মাস্কের সঙ্কট দেখা দিতে পারে। তাই ভবিষ্যতের কথা ভেবে এই মাস্ক বিক্রিতে রাশ টানা হচ্ছে।

মহারাষ্ট্র প্রশাসনের সিদ্ধান্তের বিরোধীতা করে অনেকেই বলছেন, 'করোনাভাইরাস একবার শরীরে বাসা বাঁধলে আর কিছুই করা যাবে না। তাই সাবধানতার জন্য (এননাইনফাইভ) মাস্ক ব্যবহার করা প্রয়োজন। না হলে যেকোন মুহূর্তে বিপদে পড়তে পারি আমরা।' 

তবে কেউ কেউ আবার মহারাষ্ট্র প্রশাসনের সিদ্ধান্তের প্রশংসা করেছেন। ভবিষ্যতের কথা ভেবে আগে থেকেই সিদ্ধান্ত নেওয়া উচিত বলেই জানাচ্ছেন তারা।

আরও পড়ুন

×