বিশ্ব অর্থনীতির ক্ষতি হবে ৩৪৭ বিলিয়ন ডলার: এডিবি
এশিয়ার অর্থনীতিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে করোনাভাইরাস
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ মার্চ ২০২০ | ০৮:৫৬
প্রাণঘাতী করোনাভাইরাস এখন আর শুধু স্বাস্থ্যঝুঁকি তৈরির মধ্যে সীমাবদ্ধ নেই। এতে দেশে দেশে অর্থনীতিও চাপের মধ্যে পড়ছে। বিশ্বজুড়ে কভিড-১৯ নামের এ ভাইরাসের সংক্রমণে পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। অবস্থার উন্নতি না হলে বিশ্ব অর্থনীতি মারাত্মক ক্ষতির মুখে পড়বে। পরিস্থিতির অবনতির ওপর নির্ভর করছে ক্ষতির পরিমাণ।
বিশ্ব অর্থনীতিতে এ ভাইরাস কতটা প্রভাব ফেলতে পারে তা নিয়ে এমন সতর্কবার্তা দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। উন্নয়ন সহযোগী সংস্থাটি মনে করে, মহামারি মাঝারি আকারের হলে বিশ্ব অর্থনীতির মোট ক্ষতি হবে ১৫৬ বিলিয়ন ডলার। অন্যদিকে, পরিস্থিতি খুব খারাপ হলে ক্ষতি হবে ৩৪৭ কোটি ডলার, যা বিশ্ব জিডিপির শূন্য দশমিক ৪ শতাংশ।
বিশ্ব অর্থনীতির পাশাপাশি এশিয়ার উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে এডিবির পর্যবেক্ষণে বলা হয়েছে। সংস্থাটি বলছে, বিভিন্ন খাতে নেতিবাচক প্রভাব মোকাবিলা করতে হবে এ অঞ্চলের দেশগুলোকে। এর মধ্যে রয়েছে অভ্যন্তরীণ চাহিদা কমে যাওয়ার পাশাপাশি পর্যটন ও ব্যবসায়িক ভ্রমণ কমে যাবে। পাশাপাশি বাণিজ্য ও উৎপাদন ব্যবস্থায় বিভিন্ন প্রতিবন্ধকতা তৈরি হওয়ায় সরবরাহ চ্যানেল বাধাগ্রস্ত হবে। একই সঙ্গে স্বাস্থ্যঝুঁকি বাড়বে।
এডিবির দেয়া তথ্য অনুযায়ী, করোনাভাইরাসের কারণে চীনের লোকসানের পরিমাণ দাঁড়াতে পারে ১০৩ বিলিয়ন ডলারে, যা দেশটির মোট জিডিপির ০.৮ শতাংশ। এছাড়া এশিয়ার অন্যান্য উন্নয়নশীল দেশের লোকসান হতে পারে ২২ বিলিয়ন ডলার বা জিডিপির ০.২ শতাংশ।
সংস্থাটির মুখ্য অর্থনীতিবিদ ইয়েসুউকি সাওয়াদা বলেন, করোনাভাইরাস নিয়ে এখনও অনেক ধরনের অনিশ্চয়তা রয়েছে। এর মধ্যে বৈশ্বিক অর্থনীতিও রয়েছে।
- বিষয় :
- করোনাভাইরাস
- এশীয় উন্নয়ন ব্যাংক
- এডিবি
