করোনায় তাজমহলে দর্শক প্রবেশে নিষেধাজ্ঞা
তাজমহল (ফাইল ছবি)
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ মার্চ ২০২০ | ২৩:৫৩ | আপডেট: ১৬ মার্চ ২০২০ | ২৩:৫৭
ভারতে করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে সতর্কতা হিসেবে তাজমহল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।
দেশটির পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, করোনাভাইরাস মহামারী রূপে দেখা দেওয়ায় এর সংক্রমণ রুখতে আপাতত দর্শকদের জন্যে বন্ধ রাখা হবে তাজমহল।
তারা জানিয়েছে, প্রতিদিন অসংখ্য দেশি-বিদেশি পর্যটক তাজমহল পরিদর্শনে আসে। পর্যটকদের মাধ্যমেও ছড়িয়ে পড়তে পারে করোনা সংক্রমণ। সেই কারণেই তাজমহল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর এনডিটিভির
ভারতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১১৪ জন। এদের মধ্যে মৃত্যু হয়েছে তিনজনের। সতর্কতা হিসেবে দেশটিতে শিক্ষা প্রতিষ্ঠান ও সিনেমা হল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।
আপাতত ভারত বিদেশি পর্যটকদের এদেশে আসার ক্ষেত্রে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে। ইউরোপীয় ইউনিয়ন, ইউরোপীয়ান ফ্রি ট্রেড অ্যাসোসিয়েশন, তুরস্ক ও ব্রিটেন থেকে যাত্রী নিয়ে আসা সমস্ত বিমান বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।
সংযুক্ত আরব আমিরশাহী মিরাত, কাতার, ওমান ও কুয়েত থেকে আগত মানুষজনকে ভারতে পৌঁছানোর পর বাধ্যতামূলকভাবে ১৪ দিনের জন্যে কোয়ারান্টাইন করে রাখা হবে বলেও ঘোষণা করা হয়েছে মোদি সরকারের তরফে।
চিন, ইতালি, ইরান, দক্ষিণ কোরিয়া, ফ্রান্স, স্পেন এবং জার্মানি থেকে এ দেশে আসা মানুষজনের ক্ষেত্রেও একই ধরনের বিধিনিষেধ প্রযোজ্য, অন্যদিকে প্রতিবেশী বাংলাদেশ ও মায়ানমার থেকে ভারতে আসার সীমান্ত অঞ্চলগুলি আপাতভাবে বন্ধ রাখা হয়েছে।
চীন থেকে এই ভাইরাস বিশ্বের ১৪১টি দেশে ছড়িয়েছে। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ড ওমিটারস ডট ইনফো’র হিসাব অনুযায়ী, সোমবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে এ ভাইরাসে সাত হাজার ১৭১ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্ত হয়েছেন সংখ্যা ১ লাখ ৮২ হাজার ৭০০ জন।
- বিষয় :
- করোনার প্রাদুর্ভাব
- চীন
- ভারত
- তাজমহল
