করোনার প্রথম ভ্যাকসিন প্রয়োগ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ মার্চ ২০২০ | ০০:২৫
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের ভ্যাকসিন পরীক্ষামূলকভাবে মানবদেহে প্রথম প্রয়োগ করেছে যুক্তরাষ্ট্র।
দেশটির সিয়াটল শহরের জেনিফার হলারের ওপর করোনাভাইরাসের ভ্যাকসিন পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হয়েছে। স্থানীয় সময় ১৬ মার্চ করোনাভাইরাসের ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ শুরু হয়েছে।
৪৩ বছর বয়সী হলার সিয়াটলের একটি স্টার্টআপের অপারেশনস ম্যানেজার হিসেবে কাজ করেন।
সিয়াটলের কায়সার পারমানেন্তে ওয়াশিংটন রিসার্চ ইনস্টিটিউট থেকে প্রথম ইনজেকশনের মাধ্যমে টিকা নেন হলার। তিনি বলেছেন, এমন সংকটময় পরিস্থিতিতে কিছু করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। খবর বিবিসির
কায়সার পারমানেন্তের পক্ষ থেকে সিয়াটলে প্রথম ৪৫ জন ১৫ থেকে ৫৫ বছর বয়সী স্বাস্থ্যবান স্বেচ্ছাসেবককে পরীক্ষার জন্য নির্ধারণ করা হয়।
মর্ডানাস ‘এমআরএনএ-১২৭৩’ নামের ভ্যাকসিনটিতে সার্স-সিওভি-২ করোনভাইরাস থেকে মেসেঞ্জার আরএনএর নিষ্ক্রিয় খণ্ড ব্যবহার করা হয়। এ পরীক্ষার প্রথম দফার লক্ষ্য হচ্ছে মানুষের শরীরের জন্য নিরাপদ কি না, তা পরীক্ষা করা।
গবেষকদের দাবি, এতে ভাইরাসের মাধ্যমে স্বয়ংক্রিয় সংক্রমণের ঝুঁকি নেই। আগামী এক থেকে দেড় বছরের মধ্যে কায়সার পারমানেন্তের গবেষক লিসা জ্যাকসনের নেতৃত্বে একদল গবেষক এ ভ্যাকসিন করোনাভাইরাসের বিরুদ্ধে কতখানি কার্যকর, তা পরীক্ষা করে দেখবেন।
দ্রুত কর্মপরিকল্পনার জন্য দ্য ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের (এনআইএইচ) পক্ষ থেকে এ পরীক্ষার অর্থায়ন করা হচ্ছে। এনআইএইচ ও মডার্না ইনকরপোরেশনের যৌথ সহযোগিতায় এই ভ্যাকসিন তৈরি করা হয়েছে।
চীন থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ৭ হাজার ছাড়িয়েছে। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ড ওমিটারস ডট ইনফো’র হিসাব অনুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে এ ভাইরাসে ৭ হাজার ১৭১ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্ত হয়েছেন সংখ্যা ১ লাখ ৮২ হাজার ৭০০ জন।
- বিষয় :
- করোনার প্রাদুর্ভাব
- যুক্তরাষ্ট্র
- ভ্যাকসিন
