করোনাভাইরাস: কলকাতায় পেছাল পুরসভা নির্বাচন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ মার্চ ২০২০ | ০১:৩৭
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে ভারতের পশ্চিমবঙ্গে পুরসভার নির্বাচন পেছানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। সোমবার সর্বদলীয় এক বৈঠকের পরে বিবৃতিতে তারা এ তথ্য জানিয়েছে।
রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘করোনাভাইরাস মোকাবিলা আমাদের অগ্রাধিকার। পুরভোটও আমাদের অগ্রাধিকার। কিন্তু ভোট কিছু দিন পিছিয়ে গেলে ক্ষতি হবে না।’ খবর আনন্দবাজার পত্রিকার
আগামী ৮ মে কলকাতা পুরসভার চলতি মেয়াদ শেষ হওয়ার কথা। মে মাসেই আরও ৮৫টি পুরসভার মেয়াদ শেষ হবে। আর ছয়টি পুরসভায় জুনে মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে।
পুরভোট পেছালেও কবে তা হবে, তা নিশ্চিত করে বলেনি কমিশন। পরবর্তী সময়ে পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে কমিশন জানিয়েছে।
ভোট আপাতত না-করার সিদ্ধান্ত নিলেও বুথের পরিকাঠামো দেখাশোনা, ভোটার তালিকা তৈরি, ভোটকর্মীদের তথ্য ভান্ডার তৈরিসহ ভোটের খুঁটিনাটি কাজকর্ম যথারীতি চলবে বলেও জানিয়েছে নির্বাচন কমিশন।
ভারতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১১৪ জন। এদের মধ্যে মৃত্যু হয়েছে তিনজনের। সতর্কতা হিসেবে দেশটিতে শিক্ষা প্রতিষ্ঠান ও সিনেমা হল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।
- বিষয় :
- করোনার প্রাদুর্ভাব
- ভারত
- চীন
