বিশ্ব আবহাওয়া সংস্থার সতর্কতা
এল নিনোর প্রভাবে বৈশ্বিক রেকর্ড তাপমাত্রার শঙ্কা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ মে ২০২৩ | ১৮:০০ | আপডেট: ০৪ মে ২০২৩ | ০৩:২৮
এল নিনোর প্রভাবে আবহাওয়ার পরিস্থিতি আগামী মাসগুলোতে আরও বিবর্তিত হবে, যা উচ্চ বৈশ্বিক তাপমাত্রা এবং সম্ভবত নতুন তাপের রেকর্ড সৃষ্টি করবে। বুধবার সতর্ক করে এ কথা জানিয়েছে জাতিসংঘ। খবর এএফপির।
ডব্লিউএমওর আঞ্চলিক জলবায়ু পূর্বাভাস পরিষেবা বিভাগের প্রধান উইলফ্রান মউফুমা ওকিয়া জেনেভায় সাংবাদিকদের বলেছেন, এটি বিশ্বব্যাপী আবহাওয়া এবং জলবায়ুর ধরন পরিবর্তন করবে। এল নিনোর প্রভাবে প্রাকৃতিকভাবে জলবায়ুর পরিবর্তন হয়ে বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধি পায়, সেই সঙ্গে বিশ্বের কিছু অংশে খরা এবং অন্য কোথাও ভারী বৃষ্টিপাত শুরু হয়। সর্বশেষ ২০১৮-১৯ সালে বিশ্বে এল নিনোর প্রভাবে এমনটা ঘটেছিল।
জলবায়ু মডেলগুলো ধারণা দিচ্ছে, প্রশান্ত মহাসাগরে লা নিনা আবহাওয়া ধরন টানা তিন বছর থাকার পর চলতি বছরের শেষের দিকে বা আগামী বছর বিশ্ব এল নিনোতে ফিরে আসবে। লা নিনা চলার সময় সাধারণত বৈশ্বিক তাপমাত্রা কিছুটা কমে আর এল নিনোর সময় তাপমাত্রা বাড়ে।
