ভারতে করোনায় মৃত বেড়ে ১৯৯, আক্রান্ত ৬৪১২
ফাইল ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২০ | ২২:৩৭ | আপডেট: ০৯ এপ্রিল ২০২০ | ২৩:৩৩
ভারতে লকডাউনের মধ্যেই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একের পর এক মানুষ মারা যাচ্ছে। এখন পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৯৯ জনের। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৩ জনের।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, ভারতে করোনায় মোট সংক্রমিত ৬ হাজার ৪১২ জন। দেশটিতে এই রোগের সংক্রমণ সবচেয়ে বেশি ছড়িয়েছে মহারাষ্ট্রে, সেখানে এখন পর্যন্ত ১ হাজার ৩৬৪ জনের দেহে করোনাভাইরাস বা কোভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হয়েছে।
গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম ধরা পড়ে এই মারণ ভাইরাসের সংক্রমণ। তারপর সেখান থেকে গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে ওই ভয়ঙ্কর রোগ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, এই ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য আগে থেকেই এর সংক্রমণকে চিহ্নিত করা প্রয়োজন। তাই কোনো ব্যক্তির শরীরে করোনাজনিত কোনো লক্ষণ দেখলেই তাকে পরীক্ষা করাতে হবে।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, যত জন মানুষের করোনা-টেস্ট হয়েছে তার মধ্যে মাত্র ৫ শতাংশের শরীরে করোনা পজিটিভ ধরা পড়েছে। এই পরিসংখ্যানই ভালো দিনের স্বপ্ন দেখাচ্ছে ভারতকে। সূত্র: এনডিটিভি
