ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে প্রথম করোনা রোগী শনাক্ত

যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে প্রথম করোনা রোগী শনাক্ত
×

ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২০ | ২৩:৩৮ | আপডেট: ১০ এপ্রিল ২০২০ | ২৩:৪৪

সৌদি আরব নেতৃত্বাধীন জোটের আগ্রাসনে বিপর্যস্ত ইয়েমেনে প্রথমবারের মতো করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। ইয়েমেনের জাতীয় জরুরি কমিটি গতকাল শুক্রবার জানিয়েছে, আক্রান্ত ওই ব্যক্তির বয়স ৬০ বছর। তিনি দক্ষিণাঞ্চলীয় তেল সমৃদ্ধ অঞ্চল হাদরামাতের বাসিন্দা।

জরুরি কমিটির মুখপাত্র আলি আল-ওয়ালিদির বরাত দিয়ে বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, আক্রান্ত ব্যক্তির শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তাকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

আক্রান্ত ব্যক্তি যে বন্দরে কাজ করতেন তা সিল করে দেওয়া হয়েছে। সেখানকার সব শ্রমিককে কোয়ারেন্টাইনে যেতে নির্দেশ দেওয়া হয়েছে।

হাদরামাত অঞ্চলে ১২ ঘণ্টার রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে। সাবওয়া ও আল মাহরাহ সীমান্তবর্তী হাদরামাত অঞ্চলের সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিয়েছে।

গত পাঁচ বছর ধরে সৌদি জোটের আগ্রাসনের কারণে চরম মানবিক বিপর্যয়ে পড়েছে ইয়েমেন। এমন পরিস্থিতিতে যদি সেখানে করোনাভাইরাস ছড়িয়ে পড়ে, তা হলে তার ফল হবে ভয়াবহ। আন্তর্জাতিক বিভিন্ন দাতব্য সংস্থা এমন আশঙ্কা করে আসছে।

কলেরা, ডায়রিয়া, ডেঙ্গুর মতো রোগের প্রাদুর্ভাবে এমনিতেই বিপর্যস্ত ইয়েমেন। দেশটির বেশিরভাগ হাসপাতাল এসব রোগের চিকিৎসা দিতে ব্যস্ত। এ ছাড়া যুদ্ধের কারণে দেশটির স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। জাতিসংঘ বলেছে, এমন পরিস্থিতিতে যদি ইয়েমেনে করোনার প্রাদুর্ভাব শুরু হয় তাহলে সর্বনাশ হয়ে যাবে।

জাতিসংঘের শান্তি প্রতিষ্ঠার আহবানে সাড়া দিয়ে সৌদি নেতৃত্বাধীন জোট বৃহস্পতিবার যুদ্ধবিরতি ঘোষণা দেওয়ার একদিন পরই ইয়েমেনে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হলো।

আরও পড়ুন

×