উত্তর কোরিয়ায় করোনা রোধে সর্বাত্মক ব্যবস্থার নির্দেশ কিমের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ এপ্রিল ২০২০ | ০১:৪৫ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
করোনা প্রতিরোধে আরো কঠোর ও সর্বাত্মক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং-উন। রোববার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ জানিয়েছে, সর্বোচ্চ নেতা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে এ ব্যাপারে বিভিন্ন পরামর্শ ও নির্দেশনা দেন।
ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্যদের সঙ্গে সভায় কিম বলেন, মহামারির কোনো নির্দিষ্ট দেশ বা সীমানা নেই। তাই উত্তর কোরিয়ার উচিত শিগগিরই এই ব্যাপারে আরো ব্যাপক ব্যবস্থা নেয়া। দেশটিতে এখন পর্যন্ত কেউ সংক্রমিত হয়েছে কিনা, বা হলেও তার সংখ্যা সম্পর্কে কিছুই জানায়নি দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমটি। খবর এএফপির।
তবে বিশেষজ্ঞরা বলেছেন, উত্তর কোরিয়া বিশেষত তার দুর্বল স্বাস্থ্য ব্যবস্থার কারণে ভাইরাসের ঝুঁকিতে রয়েছে এবং পিয়ংইয়ং বিষয়টি গোপন করছে। কেসিএনএ জানিয়েছে, উত্তর কোরিয়া দেশব্যাপী সুরক্ষামূলক ব্যবস্থাপনায় কঠোর মহামারিরোধী পরিস্থিতি বজায় রেখেছে। দেশটির কর্মকর্তারা এর আগে জোর দিয়ে বলেছিলেন, উত্তর কোরিয়া করোনাভাইরাস থেকে সম্পূর্ণ মুক্ত রয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ২ এপ্রিল পর্যন্ত এই ভাইরাসের জন্য ১১ বিদেশিসহ ৭০৯ জনকে পরীক্ষা করা হয়েছে। ২৪ হাজার ৮০০ জনকে কোয়ারেন্টাইন থেকে মুক্তি দেয়া হয়েছে।
কেসিএনএ জানিয়েছে, শনিবার ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির পলিটিকাল ব্যুরোর এক বৈঠকে কর্মকর্তারা ভাইরাসের অনুপ্রবেশে কঠোর ও পুঙ্খানুপুঙ্খ তদন্তের আহ্বান জানিয়েছেন।
এতে বলা হয়েছে, ‘বিশ্বব্যাপী মহামারী রোগ মোকাবিলার জন্য আমাদের জনগণের জীবন ও সুরক্ষার জন্য আরও নিখুঁতভাবে জাতীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে একটি যৌথ প্রস্তাব গৃহীত হয়েছে।’
