করোনায় এইডস আক্রান্তের মতো ক্ষতি হয় শরীরে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ এপ্রিল ২০২০ | ০৪:০৯ | আপডেট: ১২ এপ্রিল ২০২০ | ০৪:২৮
শরীরে করোনাভাইরাস আঘাত হানলে তা দেহের শক্তিশালী প্রতিরোধক সেলকে ধ্বংস করতে পারে বলে সতর্ক করেছেন বিজ্ঞানীরা। তারা বলছেন, এইচআইভির (এইডস) মতোই করোনাভাইরাস দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থার ওপর আক্রমণ চালায়।
চীনের সাংহাই এবং যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একদল গবেষক চিকিৎসাদের পাওয়া তথ্যের ভিত্তিতে গবেষণা চালিয়ে এ ব্যাপারে একমত হয়েছেন।
গবেষণায় দেখা গেছে, কোভিড-১৯ এর আঘাত মানবদেহের প্রতিরোধ ব্যবস্থা ভেঙ্গে ফেলে। এর ফলে এইচআইভি রোগীদের মতোই আক্রান্তদের দেহ ক্ষতিগ্রস্ত হয়।
আন্তর্জাতিক সাময়িকী ‘সেলুলার অ্যান্ড মলিকুলার ইমিউনোলজি’ সম্প্রতি এ সংক্রান্ত একটি গবেষণাপত্র প্রকাশ করেছে।
গবেষকরা বলছেন, শরীরে থাকা টি সেল যেকোন ধরনের জীবাণু অনুপ্রবেশ করলে সেটা চিহ্নিত বা ধবংস করে। কিন্তু করোনাভাইরাসে আক্রান্ত হলে টি সেল নিজেই আক্রান্ত হয়ে তার কার্যক্ষমতা হারিয়ে ফেলে।
তারা বলছেন, এই গবেষণার মাধ্যমে করোনাভাইরাস কিভাবে শরীরে সংক্রমণ করছে এবং এ থেকে প্রতিরোধের উপায় কি হবে সে সম্পর্কেও ধারণা পাওয়া যাবে।
চীনের বেইজিংয়ে কোভিড -১৯ রোগীদের চিকিৎসা দেয়া একটি সরকারি হাসপাতালের একজন চিকিৎসক বলেছেন, এই আবিষ্কারটি করোনাভাইরাস নিয়ে উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে। করোনাভাইরাস অনেক ক্ষতিকর ভাইরাসের মতো সরাসরি মানুষের দেহে প্রবেশ করে রোগ প্রতিরোধ ব্যবস্থা ভেঙ্গে দেয়।
এর আগে ফেব্রুয়ারিতে, চীনের পিএনএর ইনস্টিটিউট অফ ইমিউনোলজির চেন ইয়ংওয়েন এবং তার সহকর্মীরা একটি ক্লিনিক্যাল রিপোর্টের মাধ্যমে সতর্ক করে জানিয়েছিলেন, কোভিড -১৯ আক্রান্ত রোগীদের মধ্যে টি সেলের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে। বিশেষত করে বয়স্ক বা যাদের ইনটেনসিভ কেয়ারের প্রয়োজন পড়ছে তাদের শরীরে টি সেলের মাত্রা অনেক কমে যায়।
তারা জানিয়েছিলেন, টি সেলের সংখ্যা যত কমে যাবে মৃত্যুর ঝুঁকিও তত বেড়ে যাবে। সূত্র : সাউথ চায়না মর্নিং পোস্ট
