ভারতে করোনা আক্রান্ত চিকিৎসকের সৎকারে বাধা, গ্রেপ্তার ২০
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ এপ্রিল ২০২০ | ০৩:৪০ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া এক চিকিৎসকের সৎকার করতে গিয়ে মারধরের শিকার হয়েছেন স্বজনেরা। তামিলনাড়–র চেন্নাইয়ের একটি শ্মসানে রোববার রাতে এ ঘটনা ঘটেছে। পরে পুলিশ এ ঘটনায় জড়িত ২০ জনকে গ্রেপ্তার করছে। মঙ্গলবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
করোনায় মারা যাওয়া ওই নিউরো চিকিৎসকের নাম সাইমন হারকিউলিস। তার এক বন্ধু জানান, শ্মসানে মারধরের শিকার হওয়ার পর সোমবার ভোরে পরিবারের কোনো সদস্যের উপস্থিতি ছাড়াই সাইমনের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। এমন শেষ পরিণতি কারও কল্পনাতেও ছিল না।
ভারতের স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, রোববার রাতে সাইমনের শেষকৃত্য শুরু হওয়ার আগে তার স্ত্রী, সন্তান ও স্বজন-বন্ধুদের রড ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করে কয়েক ব্যক্তি। তাদের দাবি ছিল, করোনায় মৃত কোনো ব্যক্তির শেষকৃত্য ওই শ্মসানে করা যাবে না। এসময় তারা অ্যাম্বুলেন্সের চালকদেরও মারধর করে। পরে পুলিশ এসে সেখান থেকে ২০ হামলাকারীকে আটক করে।
মহামারির এই সময়ে সাইমন বাড়িতে বসে না থেকে নিয়মিত হাসপাতালে যেতেন রোগী দেখতে। হাসপাতালে রোগী দেখতে গিয়েই সাইমন করোনায় আক্রান্ত হয়েছেন বলে মনে করেন তার সহকর্মীরা।
সাইমনের শেষকৃত্যে এমন ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন তামিলনাড়– রাজ্য সরকারের স্বাস্থ্যমন্ত্রী সি বিজয়ভাস্কর।
