দশকের সবচেয়ে বেশি সামরিক ব্যয় ২০১৯ সালে
ছবি: সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২০ | ১২:০১
বিভিন্ন দেশে সামরিক ব্যয় বাড়ছে হু হু করে। এক দশকের মধ্যে এই খাতে সবচেয়ে বেশি ব্যয় হয়েছে ২০১৯ সালে। এই বছর সবচেয়ে বেশি ব্যয় করা তিনটি দেশের মধ্যে রয়েছে এশিয়ার দুটি দেশও।
২০১৯ সালে সামরিক ব্যয়ে সবচেয়ে অগ্রগামী দেশটি হচ্ছে যুক্তরাষ্ট্র। তাদের ব্যয় ৭৩ হাজার ২০০ কোটি ডলার, যা আগের ব্যয়ের চেয়ে ৫ দশমিক ৩ শতাংশ বেশি। আর সারা বিশ্বের অন্য দেশগুলোর তুলনায় ৩৮ শতাংশ বেশি। খবর আল জাজিরার।
সামরিক ব্যয় বাড়ানোর এই মহড়ায় প্রথম বারের মতো নাম এসেছে দুটি এশিয়ান দেশের। চীন ব্যয় করেছে ২৬ হাজার ১০০ কোটি ডলার আর ভারতের ব্যয় ৭ হাজার ১০০ কোটি ডলার।
চীন অর্থনৈতিকভাবে যেমন দ্রুত উন্নতি করছে, তেমনি সামরিক খাতে বাজেটও বাড়াচ্ছে। বেইজিংয়ের সামরিক ব্যয়বৃদ্ধি মনে হয়, শিগগিরই তারা বিশ্বের এক নম্বর সামরিক শক্তির দেশ হতে চায়। তিয়ান বলেন, চীন কোনো লুকোচুরি করছে না। তারা প্রকাশ্যেই বলছে, সামরিক সুপার পাওয়ার হিসেবে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে টেক্কা দিতে চায়।
ওদিকে ভারতের সামরিক খাতে ব্যয়বৃদ্ধির প্রবণতা প্রতিবেশী দেশ চীন ও পাকিস্তানের সঙ্গে সামরিক প্রতিদ্বন্দ্বিতার মনোভাব থেকে এসেছে বলে মন্তব্য করেছেন এসআইপিআরআই-এর একজন গবেষক সিমন ওয়েজেমেন। এশিয়ায় চীন ও ভারতের পরে সামরিক ব্যয়বৃদ্ধিকারী দেশ হিসেবে নাম এসেছে জাপান ও দক্ষিণ কোরিয়ার। ১৯৮৯ সালের পর থেকে এশিয়ায় সামরিক ব্যয় উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। রাশিয়া ও সৌদি আরবও পিছিয়ে নেই। তাদের ব্যয়বৃদ্ধির হার ৬০ শতাংশ। ইউরোপে জার্মানিও ব্যয় বাড়াচ্ছে। ২০১৯ সালে তাদের বৃদ্ধির হার ১০ ভাগ।
সোমবার স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইন্সটিটিউটের (এসআইপিআরআই) প্রকাশিত গবেষণা প্রতিবেদনে দেখা গেছে, ২০১৯ সালে সামরিক খাতে বিশ্বের দেশগুলো ব্যয় করেছে ১ দশমিক ৯০ ট্রিলিয়ন ডলার, যা ২০১৮ সালের সামরিক ব্যয়ের চেয়ে ৩ দশমিক ৬ শতাংশ বেশি। ২০১০ সাল থেকে এই পর্যন্ত এটাই সর্বোচ্চ হার।
এসআইপিআরআই-এর গবেষক নান তিয়ান বলেন, ২০০৮ সালের বিশ্বমন্দার সময় থেকে এটাই সবচেয়ে বড় সামরিক ব্যয়।
- বিষয় :
- সামরিক ব্যয়
- এশিয়া
- এসআইপিআরআই