কাজে ফিরেছে নিউজিল্যান্ডের মানুষ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২০ | ২২:৫৬ | আপডেট: ২৭ এপ্রিল ২০২০ | ২৩:৩৬
ধীরে ধীরে লকডাউন শিথিল করতে শুরু করেছে নিউজিল্যান্ড। আজ মঙ্গলবার থেকে করোনাভাইরাস সতর্ক সংকেত এক ধাপ কমিয়ে চার থেকে তিন করেছে দেশটি। এক মাস পর কাজে ফিরতে শুরু করেছে মানুষ।
বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, এই ধাপে অপ্রয়োজনীয় ব্যবসা প্রতিষ্ঠান, স্বাস্থ্য খাত সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও স্কুলগুলো আজ থেকে খুলে দেওয়া হয়েছে।
প্রায় চার লাখ মানুষ কাজে যোগ দিয়েছেন। স্কুলের পাশাপাশি শিশুদের দেখভাল (চাইল্ড কেয়ার) করার প্রতিষ্ঠানগুলোও খুলে দেওয়া হয়েছে। খাবার খেতে রেস্তোরাঁয় যেতে পারছে নিউজিল্যান্ডের মানুষ।
তবে জনগণকে সতর্কতা অবলম্বন করে চলতে আহ্বান জানিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডেন। কর্মস্থল, শিক্ষাপ্রতিষ্ঠান, রেস্তোরাঁসহ সর্বত্র সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে।
মঙ্গলবার সংবাদ সম্মেলনে জাসিন্ডা বলেন, যতটা সম্ভব ঘরে থেকে কাজ করে যেতে হবে। দেশ-বিদেশে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলতে হবে।
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী আরও বলেন, লকডাউন তিন নম্বর সতর্ক সংকেতে নামিয়ে আনা মানে দেশের ৭৫ শতাংশ অর্থনৈতিক কার্যক্রমের ফের সচল হওয়া। অর্থাৎ অবকাঠামো নির্মাণ, উৎপাদনমূলক কার্যক্রম শুরু হলো।
এর আগে আর্ডেন বলেছিলেন, সামাজিক সংক্রমণ বন্ধ করে করোনাভাইরাসের বিরুদ্ধে ‘যুদ্ধে’ জিতেছে নিউজিল্যান্ড।
নিউজিল্যান্ডে এক হাজার ৪৭২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ১৯ জনের। সুস্থ হয়েছেন এক হাজার ২১৪ জন।
- বিষয় :
- করোনাভাইরাস
- নিউজিল্যান্ড
- জাসিন্ডা আর্ডেন