ভারতে সাত মাসের অন্তঃসত্ত্বা করোনা যোদ্ধা সন্তোষ জাঠ
সন্তোষ জাঠ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ মে ২০২০ | ১১:০৫
করোনার প্রকোপে এখন মৃত্যুমিছিল সারা বিশ্বে। চোখের সামনে প্রতিদিনই মারা যাচ্ছে মানুষ। আর এই সময় সামনের সারিতে দাঁড়িয়ে করোনার বিরুদ্ধে মোকাবিলা করছেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, পুলিশ ও পরিচ্ছন্নকর্মীরা। তারই এক জ্বলন্ত উদাহরণ হলেন ভারতের আজমিরের এক যুবতী, পুলিশকর্মী সন্তোষ জাঠ।
যদিও নিজের এই কাজকে খুব বড় করে দেখতে চাইছেন না তিনি। এই পরিস্থিতিতে রাস্তায় নেমে কাজ করার কথাও জানিয়েছিলেন সহকর্মীদের। কিন্তু তারা তাকে কন্ট্রোল রুমের দায়িত্বে রেখেছেন। সেখান থেকেই দায়িত্ব পালন করছেন সাত মাসের অন্তঃসত্ত্বা সন্তোষ। খবর এনডিটিভির
অন্তঃসত্ত্বা অবস্থায় দেশের জন্য পরিষেবা দেয়া প্রসঙ্গে প্রশ্ন করতেই সাংবাদিকদের জানালেন, ‘আমার স্বামীও পুলিশে কর্মরত। পরিবারের সকলেই আমরা যোদ্ধা। তাই এই দুঃসময়ের আমরা সকলে মিলে লড়ছি সুস্থ পরিবেশের জন্যে। কঠিন সময়ে কর্তব্য করে যেতে চাই। যাতে আমার শিশু সুস্থ পৃথিবীতে জন্ম নিতে পারে।
২০১৩ সাল থেকে রাজস্থান পুলিশকর্মী হিসেবে কাজ করেছেন।
এর পর ২ বছর ধরে সালোয়ার পুলিশ হিসেবে কাজ করে চলেছেন। এই অবস্থায় কাজ করার সিদ্ধান্ত নেওয়ায় প্রথমে অখুশিই হয়েছিলেন পরিজন। কিন্তু সন্তোষ তাদের ভরসা দেন। এখন তার পরিবার তার এই কাজে গর্ববোধ করেন। তবে, দেশের পাশাপাশি নিজের শরীরের প্রতিও যত্নবান সন্তোষ। রোজই হাসপাতালে চেকআপ করাতে যান। সে সঙ্গে সুষম আহারও করেন বলে জানিয়েছেন তিনি।
- বিষয় :
- সন্তোষ জাঠ
- করোনাযোদ্ধা
- ভারত