ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

মহামারি ঠেকাতে যথেষ্ট সময় পেয়েছিল বিশ্ব: ডব্লিউএইচও

মহামারি ঠেকাতে যথেষ্ট সময় পেয়েছিল বিশ্ব: ডব্লিউএইচও
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ মে ২০২০ | ০০:২২ | আপডেট: ০২ মে ২০২০ | ০০:৫১

কোভিড-১৯ বা করোনাভাইরাস মহামারি ঠেকাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সময় ক্ষেপণ করেছিল বলে অভিযোগ উঠেছে। এর প্রতিক্রিয়ায় ডব্লিউএইচওর প্রধান টেড্রোস আধানম গেব্রেয়েসুস বলেছেন, সংস্থাটি কোনোভাবেই সময় নষ্ট করেনি। বরং ভাইরাস মোকাবিলায় বিশ্ব যথেষ্ট সময় পেয়েছিল।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবার জেনেভায় সংবাদ সম্মেলনে আধানম জানান, কীভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা মহামারি মোকাবিলায় শুরু থেকে যথাযথভাবে কাজ করে আসছে।

আধানম বলেন, করোনাভাইরাসের কারণে গত ৩০ জানুয়ারি বিশ্বব্যাপী জনস্বাস্থ্যগত জরুরি অবস্থা ঘোষণা করেছিল ডব্লিউএইচও। এরপর বিশ্ব যথেষ্ট সময় পেয়েছিল মাহামারি মোকাবিলায়।

জনস্বাস্থ্যগত জরুরি অবস্থা ঘোষণার সময় চীনের বাইরে ৮২ জনের মধ্যে সংক্রমণের ঘটনা ঘটেছিল। আজ সে সংখ্যা ৩২ লাখ ছাড়িয়ে গেছে। মৃত্যু হয়েছে দুই লাখ ৩৪ হাজারের বেশি মানুষের।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করে আসছেন যে, মহামারি মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা যথাযথ দায়িত্ব পালন করেনি। এ ছাড়া সংস্থাটি ‘চীনঘেঁষা’ বলেও অভিযোগ তোলেন তিনি। এক পর্যায়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তহবিলে অর্থায়ন বন্ধের ঘোষণা দেন ট্রাম্প। গোয়েন্দাদের তদন্ত করে দেখতে বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদক্ষেপ ‘সঠিক’ ছিল কিনা।

আধানম বলেন, মহামারি ঘোষণার আগে বিষয়টি আরও ভালোভাবে পর্যালোচনা করতে চেয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এ জন্য ভাইরাসের উৎপত্তিস্থল চীনে বিশেষজ্ঞ দলও পাঠানো হয়েছিল।

জনস্বাস্থ্যগত জরুরি অবস্থা ঘোষণার তিন মাস পরও পরিস্থিতির পরিবর্তন হয়নি বলে জানান আধানম। যে সমস্ত দেশে স্বাস্থ্য সেবার দশা বেহাল সে সমস্ত দেশে ভাইরাসের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আধানম। বিশেষ করে হাইতি, সোমালিয়া ও সুদানের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ডব্লিউএইচও প্রধান।

যে সমস্ত দেশের সরকার এরই মধ্যে লকডাউন শিথিল করতে শুরু করেছে তাদেরও আরেক দফা সতর্ক দিয়েছেন আধানম।    

আরও পড়ুন

×