ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

ইলন মাস্কের এক টুইটেই উবে গেল ১৪০০ কোটি ডলার

ইলন মাস্কের এক টুইটেই উবে গেল ১৪০০ কোটি ডলার
×

ইলন মাস্ক

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ মে ২০২০ | ০০:৫০ | আপডেট: ০২ মে ২০২০ | ০১:০৫

এক টুইটেই যুক্তরাষ্ট্রভিত্তিক বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার দাম ১ হাজার ৪০০ কোটি ডলার কমিয়ে দিলেন এই প্রতিষ্ঠানেই প্রধান নির্বাহী ইলন মাস্ক। ‘টেসলার শেয়ার মূল্য অনেক বেশি’- সামান্য এই টুইটেই শেয়ারে ধস নামে প্রতিষ্ঠানটির। এর মধ্যে অবশ্য মাস্কের নিজেরও ৩০০ কোটি ডলারের শেয়ার রয়েছে। এর আগে এক টুইটে নিজের সব সহায়সম্পদ এমনকি বাড়িটিও বিক্রি করে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন এই ধনকুবের। খবর বিবিসির। 

ইলন মাস্ক ইদানিং টুইটে টুইটে ঝড় তুলছেন। শুক্রবারের কয়েকটি টুইটের মধ্যে একটিতে তিনি বলেন, ‘টেসলার শেয়ার মূল্য অত্যধিক বেশি।’ তার এই টুইটের পরপরই টেসলার শেয়ারে ধস নামে, দাম কমে যায় প্রায় ১০ শতাংশ। তার এই টুইটের পর এক প্রতিবেদনে ওয়ালস্ট্রিট জার্নাল জানিয়েছে, টুইটের সত্যতা যাচাইয়ের জন্য মাস্কের কাছে জানতে চাওয়া হয়, আপনি কি শেয়ার মূল্য নিয়ে টুইটে মজা করেছেন? এ নিয়ে পরে ভেটো দেবেন না তো? তখন মাস্কের উত্তর আসে, ‘না’।

টেসলার শেয়ার মূল্য চলতি বছরে এসে অনেক বেড়ে যায়। এটি গিয়ে দাঁড়ায় ১০ হাজার কোটি ডলারের কাছাকাছি। এতে উদ্যোক্তাদের কয়েক মিলিয়ন ডলার বোনাস প্রাপ্তির পরিস্থিতি তৈরি হয়। তবে এরইমধ্যে অঘটন ঘটিয়ে দিলেন মাস্ক। 

এ ব্যাপারে ওয়েডবুশ সিকিউরিটিস বিশ্লেষক ডানিয়েল ইভস বলেন, মাস্কের এই মন্তব্য লাগাম ছাড়া। তার এমন টুইট বিনিয়োগকারীদের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ওয়ালস্ট্রিটও হতাশ। 

এর আগে ২০১৮ সালে নিউইয়র্ক শেয়ার বাজারে তেসলার ভবিষ্যত নিয়ে এক বেফাস টুইট করে নিজেই বিপাকে পড়েছিলেন মাস্ক। এক টুইটে তিনি বলেছিলেন, নিউইয়র্ক শেয়ার মার্কেট থেকে তেসলার বিনিয়োগ তুলে নেবেন এবং এটিকে পাবলিক থেকে প্রাইভেট কোম্পানিতে রূপান্তর করবেন। তার এই টুইটের কারণে শেয়ারের দাম লাগামছাড়া বেড়েছে। এমন ভূয়া তথ্য ছড়ানোর জন্য তখন তাকে ২ কোটি ডলার জরিমানা গুণতে হয়েছিল। আর ইউএস সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সিদ্ধান্ত দিয়েছিল, এরপর থেকে তার সব ধরণের টুইট বা পোস্ট ছাড়ার আগে আইনজীবীদের দেখাতে হবে।

আরও পড়ুন

×