ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

সিকিম সীমান্তে চীন-ভারতের সেনাদের মধ্যে সংঘর্ষ

সিকিম সীমান্তে চীন-ভারতের সেনাদের মধ্যে সংঘর্ষ
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ মে ২০২০ | ০১:১১ | আপডেট: ১০ মে ২০২০ | ০১:৫২

করোনাভাইরাসের মহামারিও কমাতে পারেনি চীন-ভারতের বৈরিতা। উত্তর সিকিম সীমান্তে গতকাল শনিবার সংঘর্ষে জড়িয়েছেন দুই দেশের সেনা সদস্যরা। গুলি বিনিময় না হলেও হাতাহাতিতে জড়িয়েছেন তারা। এতে দুই পক্ষেই কয়েকজন আহত হয়েছেন।

হিন্দুস্থান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, দুই দেশের সেনাদের মধ্যে আক্রমণাত্মক সংঘর্ষের ঘটনাটি ঘটেছে উত্তর সিকিমের নাকু লা সেক্টরের কাছে। সমুদ্র পৃষ্ঠ থেকে এই সেক্টরের অবস্থান পাঁচ হাজার মিটার উঁচুতে।

ভারতীয় এক সেনা কর্মকর্তা জানিয়েছেন, হাতাহাতির সময় ভারতের চার ও চীনের সাত সেনা সদস্য আহত হয়েছেন। এই সংঘর্ষে জড়িয়েছিলেন দেড় শতাধিক সেনা সদস্য। পরে উভয় পক্ষ আলাপ-আলোচনা করে সংঘর্ষের সমাপ্তি টানে।

তবে হিন্দুস্থান টাইমসের পক্ষ থেকে ভারতের সেনা সদর দপ্তরে যোগাযোগ করা হয় সংঘর্ষের ব্যাপারে জানতে। সেনা সদর দপ্তর এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি।

চীন-ভারতের সেনারা সীমান্তে এর আগেও একাধিকবার হাতাহাতিতে জড়িয়েছেন। ২০১৭ সালের আগস্টে লাদাখের পানগাও লেকের কাছে বিরোধপূর্ণ সীমান্তে দুই দেশের সেনারা একে অপরের দিকে পাথর ছুঁড়েছেন এবং হাতাহাতিতে জড়িয়েছেন।

ওই একই বছর সিকিম সীমান্তের দোকলামে একই ঘটনা ঘটেছিল। তবে বিরোধপূর্ণ ওই সীমান্তে সেবার টানা ৭৩ দিন চীন ও ভারতের সেনারা মুখোমুখি অবস্থান নিয়ে ছিলেন।

আরও পড়ুন

×