ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

বাড়ি ফিরতে না পেরে আত্মঘাতী পরিযায়ী শ্রমিক

বাড়ি ফিরতে না পেরে আত্মঘাতী পরিযায়ী শ্রমিক
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ মে ২০২০ | ০৪:১৭ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

ভারতের কেরালা রাজ্যে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন পশ্চিম বঙ্গের এক শ্রমিক। লকডাউনের কারণে বাড়ি ফিরতে না পেরে মানসিক অবসাদে ভেঙে পড়ে আত্মহননের পথ বেছে নেন তিনি। আশিক ইকবাল মন্ডল নামের ২২ বছর বয়সী ওই শ্রমিকের বাড়ি মুর্শিদাবাদ জেলায।
পরিবারে উদ্ধৃতি দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, পাঁচ মাস আগে কেরালায় রাজমিস্ত্রির কাজে গিয়েছিলেন আশিক। লকডাউনের কারণে কাজ বন্ধ হয়ে যাওয়ায় মজুরির টাকা প্রায় শেষ হয়ে আসছিল। খাবার কিনে খাওয়ার টাকাও ছিল না।
গত বুধবার কেরালা থেকে একটি ট্রেন পরিযায়ী শ্রমিকদের নিয়ে মুর্শিদাবাদে এসেছিল। ওই ট্রেনে বাড়ি আসতে পারেননি আশিক ইকবাল। ফিরতে না পেরে মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন তিনি। কেরালার যেখানে আশিক থাকতেন, সেখানে তার গ্রামেরই আরও ৩০ জনের বাস। তারা অভিযোগ করে বলেন, ‘প্রথম ট্রেনে আসার জন্য অনেকবার চেষ্টা করেছিলাম আমরা। পুলিশ প্রথমবার আমাদের সুযোগ দেয়নি। দ্বিতীয়বার নিয়ে যাবে বলেছিল। এরপর থেকেই ভেঙে পড়ে আশিক। শনিবার সকালে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন তিনি।’ 
আশিকের বাবা জাবেদ মন্ডল বলেন, ‘বাড়ির ছোট ছেলে। এখানে কাজ না পেয়ে প্রথমবারের জন্য কেরালায় গিয়েছিল কাজেই। ট্রেনে না আসতে পেরে ভেঙে পড়েছিল।’ মৃতের বড়ভাই আবদুল হালিম বলেন, ‘মৃতদেহ আনতে পারছি না। শেষ দেখাটা হয়তো হবে না। গ্রামের অনেক ছেলেই এখনও ওখানে রয়েছে। তাঁদের বাড়িতে আনার ব্যবস্থা করুক সরকার। না হলে ভাইয়ের মতো অনেকেই আত্মহত্যা করবে।’

আরও পড়ুন

×