দোকানে মুসলিম কর্মী নেই, প্রচার করতে গিয়ে গ্রেফতার মালিক
প্রতীকী ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ মে ২০২০ | ০৪:৪২ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
দোকানে মুসলিম কর্মচারী নেই প্রচার করতে গিয়ে গ্রেফতার হয়েছেন ভারতের এক ব্যবসায়ী। দোকানের সামনে একটি বিজ্ঞাপনের হোর্ডিং লাগান তিনি। তাতে বলা হয়, ‘জৈন কর্মীরা খাবার তৈরি করেন। দোকানে কোনও মুসলিম কর্মী নেই।’
চেন্নাইয়ের টি নগরের মহালক্ষ্মী স্ট্রিটে অবস্থিত ‘জৈন বেকার্স অ্যান্ড কনফেকশনারিজ’ নামে একটি বেকারির মালিক সম্প্রতি এই ঘটনা ঘটিয়েছেন। ধর্মীয় অবমাননা এবং বিশৃঙ্খলায় প্ররোচণা দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। খবর আনন্দবাজার পত্রিকার
জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমের দৌলতে ‘জৈন কর্মীরা খাবার তৈরি করেন। দোকানে কোনও মুসলিম কর্মী নেই।’ লেখা হোর্ডিংয়ের ছবি সর্বত্র ছড়িয়ে পড়ে। তাতে তীব্র সমালোচনার মুখে পড়েন ওই বেকারির মালিক। তাতেই টনক নড়ে স্থানীয় পুলিশের। বেকারির মালিককে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ২৯৫-এ এবং ৫০৪ ধারায় মামলা দায়ের হয়।
এর আগে মধ্যপ্রদেশের একটি গ্রামে মুসলিমদের প্রবেশ নিষিদ্ধ বলে পোস্টার পড়েছিল। সেই নিয়ে তীব্র সমালোচনা শুরু হয় সোশ্যাল মিডিয়ায়। করোনা সঙ্কটে একটি বিশেষ ধর্মের প্রতি বিদ্বেষ বাড়ছে বলে অভিযোগ করেন অনেকে।
তবে কোনও সম্প্রদায়ের মানুষকে আঘাত করা তাদের উদ্দেশ্য ছিল না বলে সংবাদমাধ্যমে জানিয়েছেন চেন্নাইয়ের ওই বেকারির কর্মীরা। তারা জানিয়েছেন, বেকারিতে মুসলিম কর্মী রয়েছেন, তাই সেখানকার জিনিস কেনা চলবে না বলে সম্প্রতি হোয়্যাটসঅ্যাপে একটি মেসেজ ছড়ায়। সেই নিয়ে নানা জায়গা থেকে ফোন আসতে শুরু করে। সকলে জানতে চান, বেকারিতে কোনও মুসলিম কর্মী রয়েছে কিনা। সে গুজবে ইতি টানতেই দোকানের মালিক ওই বিজ্ঞাপন দেওয়ার সিদ্ধান্ত নেন।