ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

নিউইয়র্কে একদিনে করোনায় মৃত্যু একশ’র নিচে

নিউইয়র্কে একদিনে করোনায় মৃত্যু একশ’র নিচে
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ মে ২০২০ | ০১:২৬ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

মহামারি করোনাভাইরাসে সবচেয়ে বেশি বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক স্টেটে আক্রান্ত ও প্রাণহানির প্রকোপ কমেছে। গত মার্চের পর এই প্রথম রাজ্যটিতে একদিনে প্রাণহানি ১০০ জনের নিচে নেমে এসেছে শনিবার। এদিন ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৮৪ জন। খবর বিবিসির ।

নিউইয়র্কে গত মার্চের শেষনাগাদ করোনার সংক্রমণ ঘটে। এপ্রিলের প্রথম থেকেই প্রতিদিন প্রাণহানি ১ হাজার পেরিয়ে যাচ্ছিল। এতোদিন পর এসে সেই মৃত্যুর মিছিলে কিছুটা লাগাম টানা গেছে।

নিউইর্য়ক স্টেট গভর্নর অ্যান্ড্রু কুমো শনিবার জানিয়েছেন, ২৪ ঘণ্টায় ৮৪ জনের মৃত্যু হয়েছে। আগের দিনও রাজ্যটিতে ১০৯ জন মারা যান।
 
নিয়মিত ব্রিফিংকালে কুমো বলেন, এতোদিন আমার মাথার মধ্যে শুধু ঘুরপাক খেয়েছে কবে প্রাণহানি ১০০ এর নিচে নেমে আসবে। তিনি বলেন, তবে ৮৪ জনের মৃত্যু সেটিও ভালো কিছু নয়। আমরা ওইসব পরিবারের কষ্ট বুঝি। তবে প্রাণহানি কমে আসাটা প্রকৃত অগ্রগতির চিহ্ন।

এরইমধ্যে লকডাউন কিছুটা শিথিলের পথেই হাঁটছে নিউইয়র্ক। আগের দিন কুমো ঘোষণা দিয়েছেন, যুক্তিযুক্ত কারণ থাকলে ১০ জন একসঙ্গে হতে এখন আর বাধা নেই। তবে তা না হওয়াই ভালো।

যুক্তরাষ্ট্রের মধ্যে করোনার কেন্দ্রবিন্দু নিউইয়র্ক স্টেট। রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত নিউইয়র্ক সিটি।

যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, নিউইয়র্ক স্টেটে এ পর্যন্ত করোনায় প্রাণহানি ঘটেছে ২৮ হাজার ৯০০ মানুষের। এ স্টেটে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৬৪ হাজার।

বিশ্বে  করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানিতে একনম্বরে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ১৬ লাখ ৬৬ হাজারের বেশি মানুষ। আর প্রাণহানি ঘটেছে প্রায় ৯৯ হাজারের।

আরও পড়ুন

×