করোনার টিকা-ওষুধে সর্বজনীন মালিকানা চেয়ে ডব্লিউএইচওর সঙ্গে ৩৭ দেশের জোট
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ মে ২০২০ | ০২:৫৪ | আপডেট: ৩০ মে ২০২০ | ০৩:৪৮
করোনাভাইরাস মহামারি মোকাবিলায় এর টিকা, ওষুধ ও ডায়াগনস্টিক সরঞ্জামে সাধারণ বা সর্বজনীন মালিকানা চেয়ে আবেদন জানিয়ে একটি জোট গঠন করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং ৩৭টি দেশ। উন্নত দেশগুলোর কারণে কিংবা মেধাসত্ত্ব আইনের পাল্লায় পড়ে অনুন্নত বা উন্নয়নশীল দেশগুলো যাতে করোনাভাইরাসের টিকা বা চিকিৎসা থেকে বঞ্চিত না হয় তার জন্যই এ পদক্ষেপ।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ ঘোষণা দিয়ে বলেছে, ইতোমধ্যে বিভিন্ন দেশ ও সংস্থা ‘কভিড-১৯ টেকনোলজি অ্যাকসেস পুল (সি-টিএপি)’ উদ্যোগে সমর্থন দিয়েছে। এই দেশগুলোর মধ্যে বাংলাদেশও রয়েছে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে।
উন্নয়নশীল ও ছোট কিছু দেশ মনে করে, হাতে গোনা উন্নত কয়েকটি দেশ সবার আগে করোনাভাইরাসের টিকা বা ওষুধ পেতে জোর খাটাতে পারে। এতে দরিদ্র, উন্নয়নশীল ও ছোট কিছু দেশ সময় মতো টিকা বা ওষুধ পাওয়া থেকে বঞ্চিত হবে।
এ বিষয়টি বিবেচনায় নিয়ে গত মার্চে একটি জোট গড়ার আহ্বান জানিয়েছিলেন কোস্টারিকার প্রেসিডেন্ট কার্লোস আলভারাদো। শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ডা. টেড্রোস আধানম গেব্রেয়েসুস যখন সি-এটিপি’র বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেন সে সময় অনলাইনে উপস্থিত ছিলেন আলভারাদো। তিনি বলেন, ‘করোনাভাইরাস সংক্রান্ত টিকা, ওষুধ বা চিকিৎসা পদ্ধতি অবশ্যই সবার জন্য উন্মুক্ত থাকতে হবে’।
ডা. আধানম বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা মেধাসত্ত্ব আইনকে গুরুত্ব দেয়। এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কিন্তু এখন এমন এক সময় উপস্থিত হয়েছে যখন সবার আগে মানুষকে গুরুত্ব দিতে হবে।