ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

ভারতে রাসায়নিক কারখানায় বিস্ফোরণে ৮ জনের মৃত্যু

ভারতে রাসায়নিক কারখানায় বিস্ফোরণে ৮ জনের মৃত্যু
×

কালো ধোঁয়ার কুণ্ডলী

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ জুন ২০২০ | ০০:৫২ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

ভারতে রাসায়নিক কারখানায় বিস্ফোরণে ৮ নিহত ও  ৫০ জন আহত হয়েছে। গুজরাটের ভারুচ জেলার দাহেজ এলাকার বিশেষ অর্থনৈতিক অঞ্চল-১ এ বুধবার বিকালে কারখানার বয়লার বিস্ফোরণ এ হতাহতের ঘটনা ঘটে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণের সময় কারখানাটির ভেতর প্রায় ২৩০ জন শ্রমিক উপস্থিত ছিলেন। 

ভারুচের পুলিশ সুপার আর ভি সুদাসামা বলেছেন, ‘কয়েকজনের মৃতদেহ কারখানা থেকে উদ্ধার করা হয়েছে। বাকিদের মৃত্যু হয়েছে হাসপাতালে।’

বিস্ফোরণের শব্দ এতটা জোরালো ছিল যে, ২০ কিলোমিটার দূরের ভবনগর থেকেও শোনা গেছে। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে দ্রুত গতিতে আগুন ছড়িয়ে পড়ে। কারখানার আশপাশের জনসাধারণকে নিরাপদ স্থানে সরিয়ে নেয় স্থানীয় কর্তৃপক্ষ।

কারখানাটিতে ২০ ধরনের রাসায়নিক উপাদান তৈরি করা হয় বলে জানা গেছে। আগুনের কারণে ঝুঁকিতে পড়েছে হাইড্রোজেন, সালফার ডাই-অক্সাইড, ইথানলে মজুত ট্যাংকগুলো।

দুর্ঘটনার পর উদ্ধার কাজ চলছে। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য মোতায়েন করা হয় দশটি অগ্নিনির্বাপক যন্ত্র ও অনেক দমকলকর্মী। কারখানা এলাকা থেকে এখনো কালো ধোঁয়ার কুণ্ডলী বের হতে দেখা যাচ্ছে বলে জানিয়েছে ভারতের অন্য সংবাদ মাধ্যমগুলোও।

আরও পড়ুন

×