ঢাকা শনিবার, ২৭ জুন ২০২৬

প্রেমে পড়লেও বিয়ে করেননি রতন টাটা

প্রেমে পড়লেও বিয়ে করেননি রতন টাটা
×

রতন টাটা। ছবি-সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৪ | ২০:৩৫

ভারতের শিল্পজগতের অনন্য রত্ন ছিলেন রতন টাটা। সাধারণ জীবনযাপনের জন্য পরিচিত ছিলেন তিনি। ভারতের মহিরুহ শিল্পপতির ব্যক্তিগত জীবন নিয়েও কম চর্চা হয়নি। ৮৬ বছরের জীবদ্দশায় কখনও বিয়ের পিঁড়িতে বসেননি প্রয়াত রতন টাটা। কেন তিনি আজীবন অবিবাহিত ছিলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে বারবার।

রতন তাঁর প্রেমজীবনের কথা প্রকাশ্যে এনেছিলেন নিজেই। জানিয়েছিলেন, তাঁর মনের দরজায় প্রেম কড়া নেড়েছিল চারবার। কিন্তু বিভিন্ন কারণে তা পূণর্তা পায়নি। তাই এর পর আর বিয়ের কথা ভাবেননি তিনি। মনপ্রাণ সব দিয়েছিলেন টাটা গোষ্ঠীকে এগিয়ে নিয়ে যাওয়ার দিকে।

এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, তাঁর কোনো প্রেমই বিয়ের পর্যায়ে পৌঁছতে পারেনি। স্ত্রী, সন্তান বা পরিবার না থাকায় অনেক সময় একাকিত্ব বোধ করেছিলেন। আবার কাউকে নিয়ে চিন্তা করতে হচ্ছে না, এটা ভেবে নিজের স্বাধীনতাটাও উপভোগ করেন। 

তিনি বলেছিলেন, যদি আপনি জিজ্ঞেস করেন, আমি কখনও প্রেমে পড়েছি কিনা– তবে আমি বলব, বিয়ে করার বিষয়ে আমি চারবার গুরুত্বসহকারে ভেবেছিলাম এবং প্রতিবারই কোনো না কোনো কারণে পিছিয়ে গিয়েছিলাম। তিনি যখন যুক্তরাষ্ট্রে ছিলেন, সে সময় এক নারীর প্রেমে পড়েছিলেন। ঠিক করেছিলেন, অর্ধাঙ্গিনী হিসেবে যদি কাউকে বেছে নেন, তা হলে তাঁকেই নেবেন। তবে সেই সম্পর্কও টেকেনি। রতন টাটা ভারতে ফিরে আসার কারণে বিয়ে করতে পারেননি তারা। 

ভারতীয় শিল্পপতি জানিয়েছিলেন, তিনি দেশে ফিরলেও ভারতে আসতে চাননি তাঁর বান্ধবী। পাশাপাশি সেই সময় ভারত-চীন যুদ্ধও চলছিল। এ ছাড়া একসময় বলি অভিনেত্রী সিমি গারেওয়ালের কাছাকাছি এসেছিলেন শিল্পপতি রতন টাটা। সম্পর্কেও জড়িয়েছিলেন তারা। ২০১১ সালে এক সাক্ষাৎকারে সিমি নিজেই এ কথা স্বীকার করেন। রতন ও সিমির সম্পর্ক বেশিদিন টেকেনি। রতনের জীবনে আসা বাকি দুই নারী কারা, তা কখনও খোলাসা করেননি তিনি। খবর টাইমস অব ইন্ডিয়ার।

আরও পড়ুন

×