ক্যালিফোর্নিয়ায় দাবানলে বিদ্যুৎ বিচ্ছিন্ন ১৫ লাখ মানুষ
আগুনে জ্বলছে ঘরবাড়ি-দ্য গার্ডিয়ান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০১৯ | ০২:২৪
দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য। ক্ষতির ঝুঁকি এড়াতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। ১৫ লাখেরও বেশি মানুষ এখন বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছেন।
প্যাসিফিক গ্যাস ও ইলেকট্রিক ৯ লাখ ৭০ হাজার ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিয়েছে। খবর বিবিসির।
মঙ্গলবার আরও ৬ লাখ ৫০ হাজার ঘরবাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।
সোমবার ভোরে শুরু হওয়া দাবানলটি বাতাসের কারণে দ্রুত ছড়িয়ে পড়ছে। এতে লস এঞ্জেলেস শহরের অন্যতম অভিজাত এলাকা ব্রেন্টউডের অন্তত পাঁচটি মাল্টিমিলিয়ন ডলারের বাড়ি পুড়ে গেছে। অভিজাত এলাকা থেকে বাসিন্দাদের সরে যেতে বলা হয়েছে।
সোমবার মধ্যরাতে ওই এলাকায় বসবাসকারী বেশ কয়েকজন তারকা তাদের বাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছেন বলে জানা গেছে।
দাবানলের কারণে নগরীটির বেশ কয়েকটি আবাসিক এলাকার কয়েক হাজার বাসিন্দা ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন। ইতোমধ্যেই প্রায় ৫০০ একরব্যাপী ছড়িয়ে পড়া আগুনের কারণে শহরটির বিখ্যাত গেটি সেন্টার মিউজিয়াম হুমকির মুখে পড়েছে।
লস এঞ্জেলেসের পশ্চিম অংশে গেটি সেন্টারের কাছে স্থানীয় সময় রাত ১টা ৩০ মিনিটের দিকে নতুন করে অগ্নিকাণ্ড শুরু হয়। এখান থেকে কয়েকশত কিলোমিটার দূরে সান ফ্রান্সিসকোর উত্তরদিকে বুধবার রাত থেকে ক্যালিফোর্নিয়ার সবচেয়ে বড় ও ধ্বংসাত্মক দাবানল ‘কিনকেইড’ পাঁচ দিন ধরে তাণ্ডব চালাচ্ছে।
দাবানলের কারণে ওই অঞ্চলের এক লাখ ৮০ হাজার বাসিন্দাকে ঘরবাড়ি ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রায় ২০ লাখ গ্রাহক বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন।
‘টার্মিনেটর’ তারকা ও ক্যালিফোর্নিয়ার সাবেক গভর্নর আর্নল্ড শোয়ার্জনেগার, লস এঞ্জেলেস লেকার্সের বাস্কেটবল তারকা লেবর্ন জেমস, অভিনেতা ক্লার্ক গ্রেইগ ও ‘সন্স অব অ্যানার্কি’র নির্মাতা কার্ট সাটার নিজ নিজ বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন বলে টুইটারে জানিয়েছেন।
হেলিকপ্টার ও এয়ারপ্লেন ট্যাঙ্কার থেকে ওই এলাকায় পানি ফেলা হচ্ছে। ঘন কালো ধোঁয়া ও ছাই কোটিপতিদের ওই আবাসিক এলাকার বাতাসে ভেসে বেড়াচ্ছে।
ক্যালিফোর্নিয়ার গভর্নর রাজ্যে জরুরি অবস্থা জারি করেছেন।