নেপালি সীমান্তরক্ষীর গুলিতে এক ভারতীয় নিহত
নেপালের সীমান্তরক্ষীর গুলিতে এক ভারতীয় নিহত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ জুন ২০২০ | ২৩:১৮
আন্তর্জাতিক সীমানা নিয়ে উত্তেজনার মধ্যে নেপালের সীমান্তরক্ষীর গুলিতে এক ভারতীয় নিহত হয়েছে। গুলিতে আরও দুইজন আহত এবং আরও এক ভারতীয় যুবককে বন্দি করেছে নেপালি রক্ষীরা। শুক্রবার বিহার রাজ্যের সীতামাঢ়ি জেলার সীমান্তে এ ঘটনা ঘটে। খবর এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার।
নেপালের সীমান্তরক্ষী বাহিনী ‘নেপালিজ আর্মড পুলিশ ফোর্স’ বলেছে, শুক্রবার ২৫-৩০ জন ভারতীয় সীমান্ত অতিক্রম করে নেপালে ঢোকার চেষ্টা করেন। কিন্তু করোনাভাইরাস বিস্তাররোধে লকডাউন থাকায় তাদের নেপালে ঢুকতে বারণ করা হয়। এতে ওই ব্যক্তিরা নেপালি পুলিশের ওপর চড়াও হয়। তারা পুলিশের অস্ত্র কেড়ে নিতে গেলে একপর্যায়ে পুলিশ গুলি ছোড়ে।
তবে ভারতের স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শুক্রবার আচমকা সোনবরসা গ্রাম লক্ষ্য করে গুলি চালায় নেপালি পুলিশ ও রক্ষীরা। গুলি লেগে ২২বছররের যুবক বিকাশ কুমারের মৃত্যু হয়েছে। গ্রামবাসীর অভিযোগ, অন্তত দশবার গুলি চালিয়েছে নেপালি রক্ষীরা।
এদিকে গুলি চালানোর ঘটনায় সীমান্তের দুই দিকের গ্রামগুলোতে প্রবল উত্তেজনা ছড়িয়ে পড়েছে । দু’দিকের আসা-যাওয়াও বন্ধ।
এ ঘটনার পর সীমান্ত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে ভারত। হতাহতদের পরিচয় নিশ্চিত করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) স্থানীয় এক কর্মকর্তা জানান, আহত দু’জনের নাম উমেশ রাম ও উদয় ঠাকুর। তাদের সীতামারীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া লগন যাদব নামে একজনকে নেপালি পুলিশ গ্রেপ্তার করেছে।
বিএসএফের পাটনা ফ্রন্টিয়ারের আইজি সঞ্জয় কুমার বলেন, 'আমরা নেপাল পুলিশের সঙ্গে যোগাযোগ করেছি।পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে রয়েছে।'
এর আগে ২০১৭ সালে ভারতীয় সীমান্তরক্ষীদের গুলিতে মৃত্যু হয় এক নেপালি নাগরিকের। তিন বছরের মাথায় যেন প্রতিশোধের ঘটনা ঘটলো। সম্প্রতি উত্তরাখণ্ডের লাগোয়া ভারত-নেপাল সীমান্তের কিছু এলাকা নিয়ে নয়াদিল্লি ও কাঠমাণ্ডুর মধ্যে বিরোধ চলছে। নেপালের আইনসভা ওই এলাকাগুলো নিজেদের বলে চিহ্নিত করে নতুন মানচিত্র প্রকাশ করেছে। ভারত ওই এলাকা নিজেদের বলে দাবি করে।