ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

চীন আমাদের সেনা হত্যার সাহস পায় কীভাবে, রাহুলের ক্ষুব্ধ প্রতিক্রিয়া

চীন আমাদের সেনা হত্যার সাহস পায় কীভাবে, রাহুলের ক্ষুব্ধ প্রতিক্রিয়া
×

ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ জুন ২০২০ | ০৩:৪৩ | আপডেট: ১৭ জুন ২০২০ | ০৩:৪৯

চীনা সেনাদের সাথে সংঘর্ষে একজন কমান্ডিং অফিসারসহ ভারতের ২০ সেনা নিহত হওয়ার ঘটনায় ক্ষুব্ধ রাহুল গান্ধী। বুধবার এক টুইট বার্তায় তিনি চীন কীভাবে ভারতীয় সেনাদের হত্যা করার সাহস পায় সে বিষয়ে জানতে চেয়েছেন। তিনি এ বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘নীরবতা’র  ব্যাপারেও প্রশ্ন তুলেছেন। খবর এনডিটিভির।

ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, সোমবার পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় লাইন অব একচুয়াল কন্ট্রোল (এলএসি) বরাবর ভারতীয় ও চীনা সেনাবাহিনীর মধ্যে সহিংস লড়াইয়ে তাদের ২০ জন সেনা মারা গেছে। অন্যদিকে চীনের কতজন হতাহত হয়েছে, তা চীন না জানালেও ভারতীয় সেনা কর্মকর্তারা রেডিও তথ্য বিশ্লেষণ এবং অন্যান্য গোয়েন্দা তথ্য উদ্ধৃত করে ৪৩ জন চীনা সেনা নিহত বা গুরুতর আহত হওয়ার দাবি করেছেন। 

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে রাহুল তার টুইটে লিখেছেন, ‘প্রধানমন্ত্রী নীরব কেন? কেন তিনি লুকিয়ে আছেন? আমাদের জানা দরকার সেখানে কী হয়েছে।’

তিনি টুইটে আরো জানতে চান, ‘চীন কীভাবে আমাদের সৈন্যদের হত্যা করার সাহস পায়? তারা আমাদের ভূমি দখলে নেওয়ার সাহস করে কীভাবে?’

পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় সংঘাতের তাৎক্ষণিক কারণ জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, চীনা সৈন্যরা মে মাসে যে জায়গাগুলো তাদের নিজের বলে দাবি করেছিল, সেখানে ভারত রাস্তা এবং ব্রিজ নির্মাণের চেষ্টা অব্যাহত রাখায় এ ঘটনা ঘটল।

আরও পড়ুন

×