নিরাপত্তা পরিষদে সদস্য হলো ভারত
ফাইল ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ জুন ২০২০ | ০০:৫৪
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য নির্বাচিত হয়েছে ভারত। পরিষদে পাঁচ দেশ স্থায়ী ও দশটি দেশ অস্থায়ী সদস্য থাকে। ভারত অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছে। বুধবার এ নিয়ে ভোটাভুটি হয়। এতে সমর্থন ও ভোটদাতা দেশেগুলোকে কৃতজ্ঞতা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই নিয়ে অষ্টমবারের মত নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হল ভারত। খবর এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার।
১৯৩ সদস্যের জাতিসংঘে নিরাপত্তা পরিষদ সদস্য নির্বাচনে ভোট পড়েছে ১৯২টি, তার মধ্যে ভারত ১৮৪ ভোট পেয়ে জিতেছে। এ ছাড়া মেক্সিকো, আয়ারল্যান্ড, নরওয়ে জিতেছে। হেরে গেছে কানাডা।
অন্যদিকে আফ্রিকা অঞ্চল থেকে অস্থায়ী সদস্য নির্বাচনের লড়াই গড়িয়েছে দ্বিতীয় রাউন্ডে। এই লড়াইয়ে থাকা জিবুতি ও কেনিয়া উভয়ই জয়ের জন্য প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ ভোট পেতে ব্যর্থ হয়েছে। বৃহস্পতিবার রাতে কানাডা অঞ্চলের প্রতিনিধি নির্বাচনে ফের ভোটাভুটি হবে।
ভোটের পর জাতিসংঘে ভারতের স্থায়ী মিশনের পক্ষ থেকে বলা হয়েছে, ২০২১-২২ সালের জন্য ভারত সদস্য দেশগুলোর বিপুল সমর্থন পেয়ে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হলো।
অবশ্য এর আগেই এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় এলাকা থেকে ভারত মতৈক্যের ভিত্তিতে প্রার্থী হয়েছিল। চীন ও পাকিস্তানসহ ৫৫টি দেশ ভারতের প্রার্থীপদ সমর্থন করে।
নিরাপত্তা পরিষদের সদস্য হওয়ায় কৃতজ্ঞতা জানিয়ে এক টুইটে মোদি বলেছেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যপদ লাভের জন্য বিশ্ব সম্প্রদায়ের থেকে যে ব্যাপক সমর্থন মিলেছে তার জন্যে আমি গভীরভাবে কৃতজ্ঞ। ভারত বিশ্বব্যাপী শান্তি, সুরক্ষা, স্থিতিস্থাপকতা এবং ন্যায়বিচারের প্রচারের ক্ষেত্রে সকল সদস্য দেশগুলির সঙ্গে মিলে কাজ করবে।’
১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য হলো যুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স ও চীন। বাকি দশটি আসন রয়েছে অস্থায়ী সদস্য দেশগুলোর জন্য। ঘুরিয়ে-ফিরিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তের দেশগুলোকে দু'বছরের অস্থায়ী সদস্যপদ দেওয়ার জন্য নির্বাচন হয় জাতিসংঘের ১৯৩ সদস্যের সাধারণ পরিষদে। এখন অস্থায়ী সদস্য হিসেবে ২০২১ সাল পর্যন্ত আছে এস্তোনিয়া, ভিয়েতনাম, তিউনিশিয়া, সেইন্ট ভিনসেন্ট, নাইজারসহ পাঁচটি দেশ। এছাড়া বেলজিয়াম, ডমিনিকান রিপাবলিক, জার্মানি, ইন্দোনেশিয়া ও দক্ষিণ আফ্রিকার মেয়াদ শেষ হবে এ বছরই। আগামী ১ জানুয়ারি থেকে ভারতসহ নবনির্বাচিত পাঁচটি দেশ এদের পরিবর্তে যুক্ত হবে।
ভারত এর আগে ১৯৫০-৫১, ১৯৬৭-৬৮, ১৯৭২-৭৩, ১৯৭৭-৭৮, ১৯৮৪-৮৫, ১৯৯১-৯২ এবং সাম্প্রতিক অতীতে ২০১১-১২ সালে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছিল।