ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

আফগান গোয়েন্দা কার্যালয়ে গাড়ি বোমা হামলা, নিহত ১১

আফগান গোয়েন্দা কার্যালয়ে গাড়ি বোমা হামলা, নিহত ১১
×

হামলার পর আহত একজনকে হাসপাতালে নেওয়া হচ্ছে-আল জাজিরা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ জুলাই ২০২০ | ২২:৪০ | আপডেট: ১৩ জুলাই ২০২০ | ২৩:০৯

আফগানিস্তানের উত্তরাঞ্চলে একটি গোয়েন্দা কার্যালয়ে জঙ্গিগোষ্ঠী তালেবানের গাড়ি বোমা হামলায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন বহু।

সোমবার সামানগান প্রদেশের রাজধানী আয়বাকে জাতীয় নিরাপত্তা সংস্থার (এনডিএস) কার্যালয়ে এই হামলার ঘটনা ঘটে। হামলার দায় স্বীকার করেছে তালেবান। খবর আল জাজিরার

প্রাদেশিক সরকারের মুখপাত্র মোহাম্মদ সেদিক আজিজি বলেন, তালেবানরা প্রথমে গাড়ি বোমা হামলার করে। পরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘাতে চার বন্দুকধারী নিহতের মধ্য দিয়ে এটি শেষ হয়।

দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, হামলায় ১১ নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন।

প্রাদেশিক স্বাস্থ্য মহাপরিচালক খলিল মুসাদেক জানান, এই হামলায় শিশুসহ ৪৩ বেসামরিক নাগরিক এবং নিরাপত্তা বাহিনীর সদস্য আহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

এই হামলার নিন্দা জানিয়েছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি। তার অভিযোগ, আলোচনা শুরুর আগে নিজেদের হাত শক্তিশালী করতে চাচ্ছে তালেবান।

গত কয়েক সপ্তাহ ধরে তালেবান ও আফগান সরকারের মধ্যে মতবিরোধের জেরে সহিংসতা বেড়েছে। গত ফেব্রুয়ারিতে  তালেবান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী আফগান অভ্যন্তরীণ আলোচনা শুরুর আগে পাঁচ হাজার তালেবান বন্দিকে মুক্তি দিতে হবে। পাশাপাশি তালেবানদের পক্ষ থেকেও এক হাজার সরকারি বন্দিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে চুক্তিতে। 

যুক্তরাষ্ট্রের কাছে সরবরাহ করা একটি তালিকার সব বন্দিকে মুক্তি দেওয়ার আগ পর্যন্ত আলোচনায় বসতে অস্বীকৃতি জানিয়ে আসছে তালেবান। 

আরও পড়ুন

×