করোনায় ৩ হাজার স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে: অ্যামনেস্টি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ জুলাই ২০২০ | ০০:০৬ | আপডেট: ১৪ জুলাই ২০২০ | ০০:২৫
বিশ্বে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে ৩ হাজারের বেশি স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে। যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল নতুন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সোমবার অ্যামনেস্টি জানিয়েছে, করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি স্বাস্থ্যকর্মীর মৃত্যুর হয়েছে রাশিয়ায়। দেশটিতে ৫৪৫ জনের মত স্বাস্থ্যকর্মী মারা গেছেন। খবর আল জাজিরার
রাশিয়ার পরেই রয়েছে যুক্তরাজ্যের স্থান। দেশটির ৫৪০ জন স্বাস্থ্যকর্মী মারা গেছেন করোনায়। এরপর তৃতীয় স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে স্বাস্থ্যসেবায় নিযুক্ত ৫০৭ জনের মৃত্যু হয়েছে।
তবে বিশ্বজুড়ে করোনায় স্বাস্থ্যকর্মীদের মৃত্যুর সংখ্যা আরও বেশি বলে জানিয়েছে অ্যামনেস্টি। মহামারি মোকাবিলায় সামনের সারিতে থাকা স্বাস্থ্যকর্মীদের মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি।
কিছু দেশে স্বাস্থ্যখাতে অনিরাপদ পরিবেশ, কম মজুরি, বেশি কর্মঘণ্টা এবং স্বাস্থ্যকর্মীরা হামলার শিকার হচ্ছে বলেও জানায় তারা।
অ্যামনেস্টির অভিযোগ, মহামারির এই সময়ে বিশ্বের অনেক দেশই স্বাস্থ্যকর্মীদের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা দিতে পারছে না। ফেস মাস্ক, গাউন, গ্লাভস, সেফটি গগলসহ অন্যান্য জরুরি প্রয়োজনীয় মেডিকেল সামগ্রীর পর্যাপ্ত যোগান দিতে ব্যর্থ হচ্ছে তারা।
অ্যামেনেস্টির পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বের ৬৩টি দেশে স্বাস্থ্যকর্মীদের জন্য পর্যাপ্ত পিপিই (পার্সোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্ট) নেই। স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মীরাও করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে।
অ্যামনেস্টির গবেষক এবং অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকার বিষয়ক উপদেষ্টা সানহিতা অম্বাস্ট বলেছেন, বিশ্বজুড়ে এখনও করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে। তাই আমরা প্রতিটি দেশের সরকারকে তার স্বাস্থ্য ও প্রয়োজনীয় কর্মীদের জীবনকে গুরুত্বের সঙ্গে দেখার জন্য আহ্বান জানাচ্ছি। তাদের সুরক্ষার দিকটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি।
গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে নভেল করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ১৮৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কভিড-১৯। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫ লাখ ৭৫ হাজার ৫২৫ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৩২ লাখ ৩৫ হাজার ৭৫১ জনে। ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৬ লাখ ৯৬ হাজার ৩৮১ জন।