সব এয়ারলাইন্সকে বোয়িংয়ের জ্বালানি সুইচ পরীক্ষায় নির্দেশ দিতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া
ছবি: রয়টার্স
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ জুলাই ২০২৫ | ১৭:২৯
দক্ষিণ কোরিয়া বোয়িং জেট ব্যবহার করা সব এয়ারলাইন্সকে ওই বিমানগুলোর জ্বালানি সুইচ পরীক্ষার নির্দেশ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এয়ার ইন্ডিয়ার দুর্ঘটনার তদন্তে জ্বালানি সুইচের প্রসঙ্গ উঠে আসার পর তারা এ পদক্ষেপ নিতে যাচ্ছে। খবর রয়টার্সের
এয়ার ইন্ডিয়ার এই দুর্ঘটনা নিয়ে প্রাথমিক প্রতিবেদনে ২০১৮ সালে মার্কিন কেন্দ্রীয় বিমান চলাচল কর্তৃপক্ষের (এফএএ) দেওয়া নির্দেশনার কথা উল্লেখ করার পর জ্বালানি সুইচের লকগুলোর দিকেই সবার দৃষ্টি পড়েছে।
দক্ষিণ কোরিয়ার পরিবহন মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, তারা ২০১৮ সালের এফএএ-র নির্দেশনার সঙ্গে সামঞ্জস্য রেখেই পরীক্ষা-নিরীক্ষা করতে বলা হবে, তবে কতদিনের মধ্যে এই পরীক্ষা-নিরীক্ষা শেষ করতে হবে তার সময়সীমা উল্লেখ করা হয়নি।
এ নিয়ে রয়টার্স বোয়িংকে কিছু প্রশ্ন করলে উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠানটি সেসবের উত্তর এফএএ-র কাছ থেকে নিতে বলেছে। দিনের নির্ধারিত সময়ের বাইরে প্রশ্ন করায় তাৎক্ষণিকভাবে এফএএ-র কাছ থেকেও কোনো জবাব পাওয়া যায়নি।
গুজরাটে দুর্ঘটনায় পড়া এয়ার ইনডিয়ার বোয়িংটির জ্বালানি সুইচগুলো উড্ডয়নের কিছুক্ষণ পরেই ‘রান’ (চালু) অবস্থান থেকে ‘কাটঅফ’ (বন্ধ) অবস্থানে চলে যায়। চলন্ত অবস্থায় কী করে ওই সুইচগুলো অবস্থান বদলাল প্রাথমিক তদন্ত প্রতিবেদনে সে সম্বন্ধে কিছু বলা হয়নি।
- বিষয় :
- দক্ষিণ কোরিয়া
- এয়ার ইন্ডিয়া
- বিমান দুর্ঘটনা
