‘আমরা লুকিয়ে ছিলাম, হঠাৎ একটি গুলি তার বুকে ঢুকলো’
গাজা সিটির বাসিন্দা আবু ওমর। ছবি: বিবিসি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ জুলাই ২০২৫ | ২১:২৪
গাজা সিটির দক্ষিণপশ্চিমের একটি এলাকা নেতসারিম। মোহাম্মদ নামের এক আত্মীয়কে নিয়ে রোববার সেখানে ত্রাণ আনতে যান গাজার বাসিন্দা আবু ওমর। ইসরায়েলি সেনাদের ভয়ে ত্রাণ কেন্দ্রের পাশের একটি জায়গায় তারা লুকিয়ে পড়েন।
বিবিসির এক ফ্রিল্যান্সার সাংবাদিককে ওমর বলেন, আমরা সেখানে লুকিয়ে ছিলাম। মোহাম্মদ আমার ঠিক পাশেই বসে ছিল। হঠাৎই একটি বুলেট এসে মোহাম্মদের বুকে চিড়ে ভেতরে ঢুকলো।
এ ঘটনার আগে ওমরকে মোহাম্মদ বলেছিলেন, অনেকদিন ধরে তিনি রুটিও খেতে পারেননি।
সোমবার এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি। নুসাইরাতের আল-আউদা হাসপাতালের একজন মুখপাত্র বলেন, রোববার হাসপাতালে বেশ কয়েকজনকে আনা হয় যারা ইসরায়েলি গুলিতে আহত হয়েছিলেন। তারা সবাই মানবিক সহায়তা নেওয়ার জন্য অপেক্ষা করছিলেন।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বিবিসিকে এক বিবৃতিতে জানায়, সেনাদের কাছেই সন্দেহভাজনদের একটি জমায়েত তৈরি হয়েছিল। যেটি ছিল হুমকিজনক। সন্দেহভাজন লোকদের কাছে আসা ঠেকাতে সেনারা সতর্কতামূলক গুলি ছোড়ে। এতে কেউ হতাহত হয়েছে কি না তা তাদের জানা নেই।
আল জাজিরা জানিয়েছে, গাজায় খাদ্যের জন্য অপেক্ষমাণ ফিলিস্তিনিদের ওপর দুটি স্থানে ইসরায়েলি বাহিনী গুলি চালিয়েছে। এতে অন্তত একজন নিহত এবং অনেকেই আহত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় অপুষ্টিজনিত কারণে আরও ১৪ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে এক শিশুও আছে।
সোমবার জাতিসংঘের মানবিক সাহায্য বিষয়ক প্রধান বলেছেন, গাজায় ইসরায়েলের আরও ত্রাণ ঢুকতে দেওয়ার সিদ্ধান্ত স্বাগত জানানোর মতো। কিন্তু এটি ‘সমুদ্রে এক ফোঁটা পানি ফেলার মতো’।
- বিষয় :
- গাজা উপত্যকা
- ত্রাণ বিতরণ
- খাদ্য সংকট
