ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

হিউস্টনে চীনা কনস্যুলেট বন্ধের নির্দেশ যুক্তরাষ্ট্রের

হিউস্টনে চীনা কনস্যুলেট বন্ধের নির্দেশ যুক্তরাষ্ট্রের
×

টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনে চীনা কনস্যুলেট ভবন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ জুলাই ২০২০ | ০৬:৫৮ | আপডেট: ২২ জুলাই ২০২০ | ০৭:৪৮

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনে চীনা কনস্যুলেট আগামী শুক্রবারের মধ্যে বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। বেইজিংয়ের সরকারি একটি সংবাদমাধ্যম জানিয়েছে, হিউস্টনে কনস্যুলেট বন্ধে চীনকে ৭২ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের এই নির্দেশকে 'চরম উসকানিমূলক' এবং 'নজিরবিহীন স্পর্ধা' হিসেবে বর্ণনা করে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে বেইজিং। তবে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে তা জানানো হয়নি। খবর বিবিসির।

হিউস্টনে ওই চীনা কনস্যুলেট ভবনের আঙ্গিনায় কিছু নথি পুড়িয়ে ফেলার একটি ভিডিও প্রকাশের পর এমন নির্দেশনা দিল মার্কিন পররাষ্ট্র দপ্তর।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মরগ্যান ওর্টাগাস বুধবার এ বিষয়ে দেওয়া এক বিবৃতিতে বলেন, 'আমেরিকার মেধাস্বত্ব ও ব্যক্তিগত তথ্য রক্ষার জন্য আমরা ওই কনস্যুলেট বন্ধ করার নির্দেশ দিয়েছি। আমাদের সার্বভৌমত্ব লঙ্ঘন ও জনগণের ওপর চীনের হুমকি যুক্তরাষ্ট্র সহ্য করবে না।'

এদিকে এমন সিদ্ধান্তকে 'নজিরবিহীন স্পর্ধা' ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন উল্লেখ করে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেন, 'ওয়াশিংটন 'অযৌক্তিক আক্রমণ করে চীনের উপর দোষ চাপিয়ে দিচ্ছে।' কনস্যুলেট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছেন এবং তা না হলে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ বলেছে, চীন করোনাভাইরাস টিকা গবেষণাপত্র হ্যাক করার চেষ্টা করছে। এই হ্যাকিংয়ে জড়িত বলে দুই চীনাকে অভিযুক্ত করা হয়েছে।

বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারি ছড়িয়ে পড়ার শুরু থেকেই পরষ্পরবিরোধী বক্তব্য দিতে থাকে যুক্তরাষ্ট্র ও চীন। উহান থেকে ভাইরাস ছড়ানোর জন্য সরাসরি বেইজিংকে দায়ী করে ওয়াশিংটন। এরপর হংকং জাতীয় নিরাপত্তা আইন, দক্ষিণ চীন সাগরে আধিপত্যসহ বিভিন্ন বিষয়ে বিরোধে জড়ায় দু'দেশ।

আরও পড়ুন

×