ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

লক্ষণ প্রকাশের আগেই শনাক্ত ক্যান্সার

লক্ষণ প্রকাশের আগেই শনাক্ত ক্যান্সার
×

সমকাল ডেস্ক

প্রকাশ: ২২ জুলাই ২০২০ | ১২:০০ | আপডেট: ২২ জুলাই ২০২০ | ১৫:৫১

লক্ষণ প্রকাশের আগেই ক্যান্সার শনাক্ত করা সম্ভব হয়েছে। বিজ্ঞানীরা বলছেন, তাদের উদ্ভাবিত পদ্ধতি অনুযায়ী রক্ত পরীক্ষার মাধ্যমে লক্ষণ প্রকাশের অন্তত চার বছর আগেই ক্যান্সার শনাক্ত করা যায়। পাঁচ ধরনের ক্যান্সারের ক্ষেত্রে তা কার্যকর। এতে ক্যান্সার একেবারে প্রাথমিক পর্যায়ে থাকা অবস্থায় শনাক্ত করার ক্ষেত্রে বড় ধরনের আশা দেখা দিয়েছে। এ গবেষণায় নেতৃত্ব দেন চীনের স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাদের গবেষণাপত্র এরই মধ্যে বিজ্ঞান সাময়িকী ন্যাচার কমিউনিকেশনসে প্রকাশ হয়েছে। বিজ্ঞানীরা নতুন উদ্ভাবিত ডিএনএ মিথাইলেশনভিত্তিক নন-ইনভেসিভ এই পরীক্ষা পদ্ধতির নাম দিয়েছেন প্যানসিয়ার। এটি লক্ষণ প্রকাশের আগে ক্যান্সার শনাক্তে ৯৫ শতাংশ সফল হয়েছে। যেসব মানুষ এতে অংশ নিয়েছিল তাদের মধ্যে কোনো ধরনের লক্ষণ ছিল না। তবে তাদের ক্যান্সার ধরা পড়ে।

বিজ্ঞানীরা বলছেন, প্রচলিত পদ্ধতির ডায়াগনসিসে ক্যান্সার শনাক্ত হওয়ার প্রায় চার বছর আগেই প্যানসিয়ারের মাধ্যমে তা শনাক্ত করা গেছে। শরীরে ক্যান্সার কোষ জন্মের শুরুর দিকে কোনো লক্ষণ প্রকাশ পায় না। তাই একেবারে প্রাথমিক পর্যায়ে প্রচলিত পদ্ধতিতে ক্যান্সার শনাক্ত করা যায় না। এক্ষেত্রে প্যানসিয়ার বড় ভূমিকা রাখবে বলে বিজ্ঞানীরা আশা করছেন।

গবেষণায় বলা হয়, এ পরীক্ষার ফল অভূতপূর্ব। এতে রক্তের প্লাজমায় পাওয়া ডিএনএর বিশেষ অংশে মিথাইল গ্রুপের সন্ধান করা হয়, যা টিউমার ডিএনএর সঙ্গে যুক্ত থাকে। এ ধরনের টিউমার ডিএনএর খুবই অল্প মাত্রার উপস্থিতিও পরীক্ষায় চিহ্নিত করা যায়।

এ গবেষণায় ২০০৭ থেকে ২০১৪ সালের মধ্যে বিভিন্ন জনের রক্তের প্লাজমা নমুনা সংগ্রহ করা হয়। এক্ষেত্রে ৪১৪ জনের নমুনা পরীক্ষায় ক্যান্সার ধরা পড়লেও তারা পরবর্তী পাঁচ বছর লক্ষণমুক্ত ছিল। ১৯১ জনের পরীক্ষায় পাকস্থলীর, কলোরেক্টাল, যকৃত, ফুসফুস ও খাদ্যনালির ক্যান্সার ধরা পড়লেও শরীরে এর লক্ষণ দেখা দেয় অন্তত চার বছর পরে। সূত্র: দ্য গার্ডিয়ান।

আরও পড়ুন

×