লাদাখে এখনও ৪০ হাজার চীনা সৈন্য
ফাইল ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ জুলাই ২০২০ | ০৩:৫২
পূর্ব লাদাখ থেকে এখনো পুরোপুরি সৈন্য প্রত্যাহার করেনি চীন। বারবার দ্বিপাক্ষিক বৈঠকে নিয়ন্ত্রণ রেখায় শান্তি স্থাপন ও সৈন্য সরিয়ে নেওয়ার কথা বললেও এখনও পূর্ব লাদাখ সীমান্তে ৪০ হাজারের মতো চীনা সেনা সদস্য রয়েছে। একটি গোপন প্রতিবেদন থেকে এমন তথ্য পাওয়া গেছে বলে দাবি করেছে ভারত। গোগরা ও হটস্প্রিং এলাকায় এখনও ভারতীয় সীমানার মধ্যেই অবস্থান করছে চীনা সৈন্যরা। ভারতের অভিযোগ, মুখে এক আর মনে আরেক নীতি মেনে চলছে বেইজিং। খবর এনডিটিভি, ইন্ডিয়া টুডে’র।
চীনের এই আচরণ খুব আশ্চর্যের নয় বলেই মনে করছেন ভারতের শীর্ষ সেনা কর্মকর্তারা। তাদের দাবি, চীনকে পাল্টা জবাব দিতে নতুন করে প্রস্তুত নিচ্ছে ভারতও। অতীত থেকে শিক্ষা নিয়েই ভবিষ্যতের জন্য নিজেদের প্রস্তুত করছে ভারতীয় সেনারা।
বর্তমানে সীমান্তের পরিস্থিতি শান্ত। তবে চীনের বিষয়ে সতর্ক রয়েছে ভারত। চীনের সৈন্যদের কথা রাশিয়ায় তৈরি বেশ কিছু যুদ্ধবিমান গোয়া থেকে দেশের উত্তরাঞ্চলে ভারতীয় বিমানঘাঁটিতে সরিয়ে আনা হয়েছে।
লাদাখ সেক্টরের বিমানঘাঁটিতেও বেশ কয়েকটি মিগ ২৯-কে যুদ্ধবিমান এনে রাখা হয়েছে। সেনা সূত্রের খবর অনুযায়ী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনা করেই চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল বিপিন রাওয়াত সেনাবাহিনীকে এই নির্দেশ দিয়েছেন।