চীন থেকে কেনা সুরক্ষাসামগ্রীর মান ফের যাচাই করা হবে: কানাডা
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ জুলাই ২০২০ | ১১:৫২ | আপডেট: ২৩ জুলাই ২০২০ | ১২:৩৩
চীনের থেকে কেনা করোনা সুরক্ষাসামগ্রীর মান ফের যাচাই করে দেখবে বলে জানিয়েছে কানাডা।
বেইজিংভিত্তিক প্রযুক্তি সরবরাহকারী প্রতিষ্ঠান নিউটেক থেকে ৬ দশমিক ৮ মিলিয়ন ডলারে সুরক্ষাসামগ্রী কিনেছে কানাডা। তবে নিউটেকের বিরুদ্ধে এশিয়া, আফ্রিকা ও ইউরোপে পাঠানো সুরক্ষাসামগ্রী ত্রুটিপূর্ণ ছিল বলে অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে কানাডায় বিতর্ক সৃষ্টি হলে সুরক্ষাসামগ্রীর মান যাচাই করে দেখা হবে বলে আশ্বাস দিয়েছেন কানাডার পররাষ্ট্রমন্ত্রী ফ্রান্সিস ফিলিপ চ্যাম্পেইন। খবর বিজনেস স্ট্যান্ডার্ড
বিশ্বের বিভিন্ন দেশের ১৭০ কানাডিয়ান দূতাবাস, কনস্যুলেট এবং হাইকমিশনগুলির কর্মকর্তা-কর্মচারীদের সুরক্ষার জন্য এক্স-রে স্ক্যানিং সরঞ্জাম এবং সফ্টওয়্যার সিস্টেম কেনার জন্য গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা (জিএসি) চীনের নিউটেকের সঙ্গে চুক্তি করেছে।
তবে চীন কমিউনিস্ট পার্টির সর্বোচ্চ স্তরের সঙ্গে নিকটেকের যোগাযোগ আছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই সপ্তাহে জানা গেছে, চীনা কমিউনিস্ট পার্টির প্রাক্তন সাধারণ সম্পাদক হু জিনতাওয়ের ছেলে নিউটেকের মালিক।
কানাডার পররাষ্ট্রমন্ত্রী বলেন, সুরক্ষার বিষয়টি আমরা গুরুত্ব দিয়ে দেখছি। বিশ্বজুড়ে আমাদের মিশনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সব ধরনের পদক্ষেপ আমরা নেব।
তিনি বলেন, বিদেশে আমাদের মিশনে কিছু সুরক্ষাসরঞ্জাম সরবরাহের জন্য আমরা বর্তমানে নিউটেক সংস্থার প্রস্তাবটি খতিয়ে দেখছি।
এর আগে, চীন থেকে আনা ১০ লাখ কেএন৯৫ মাস্ক মানসম্মত নয় জানায় কানাডা। করোনাভাইরাসের মহামারি মোকাবিলায় চীনের তৈরি কিছু সুরক্ষাসামগ্রী ইউরোপের বেশ কয়েকটি দেশের সরকার প্রত্যাখ্যান করে।
সেসময় স্পেন, তুরস্ক ও নেদারল্যান্ডস কর্তৃপক্ষ জানায়, চীনের বিভিন্ন কোম্পানি থেকে আমদানি করা এরকম লাখ লাখ টেস্টিং কিট ও মেডিকেল মাস্ক মানসম্মত নয় কিম্বা ত্রুটিপূর্ণ।
গত বছরের ডিসেম্বরে করোনাভাইরাস সংক্রমণের খবর আসতে থাকে চীনের উহান শহর থেকে। এরপর ভাইরাসটি প্রথমে চীনের অন্যান্য শহর এবং বিশ্বের একের পর এক দেশে ছড়িয়ে পড়তে শুরু করে। এখন বিশ্বের ১৮৮টি দেশ ও অঞ্চলে এই ভাইরাসটি ছড়িয়ে পড়েছে।
- বিষয় :
- চীন
- কানাডা
- সুরক্ষাসামগ্রী
- নিউটেক