আফগানিস্তানে রয়েছে সাড়ে ৬ হাজার পাকিস্তানি জঙ্গি, জাতিসংঘের প্রতিবেদন
ফাইল ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ জুলাই ২০২০ | ০২:০৫ | আপডেট: ২৭ জুলাই ২০২০ | ০২:৩৯
আফগানিস্তানে পাকিস্তান থেকে যাওয়া প্রায় সাড়ে ৬ হাজার জঙ্গি রয়েছে। এদের অধিকাংশই তেহরিক-ই তালিবান পাকিস্তান(টিটিপি)-এর সদস্য। জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের এক প্রতিবেদনে একথা বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে ওই জঙ্গিরা দু’দেশের জন্যই হুমকি।
জাতিসংঘের অ্যানালাইটিক্যাল সাপোর্ট অ্যান্ড স্যাংশন্স মনিটরিং টিমের এটি ২৬তম প্রতিবেদন। আইএস, আল-কায়দাসহ বিভিন্ন সন্ত্রাসবাদী সংগঠনের ওপর নজর রেখে এই প্রতিবেদন তৈরি করা হয়।
এতে বলা হয়, আফগানিস্তানে সবচেয়ে বেশি রয়েছে তেহরিক-ই তালিবান পাকিস্তানের জঙ্গি। এরপর রয়েছে জামাত-উল-আহার ও লস্কর-ই-ইসলামের সদস্য। টিটিপির অনেক প্রাক্তন সদস্য এখন ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড লেভান্ট-খোরাসানে (আইএসআইএল-কে) যোগ দিয়েছেন। তারা চাইছে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকা জঙ্গি সংগঠনগুলোকে এক প্লাটফর্মে নিয়ে আসতে।
জঙ্গিদের মদদ দেওয়ার অভিযোগ পাকিস্তান কখনও মানতে চায় না। সম্প্রতি আফগানিস্তানে নিহত জঙ্গির দেহ থেকে পাকিস্তানি পরিচয়পত্র মেলার পরও ইমরান খান সরকার বিষয়টি অস্বীকার করে। তবে জাতিসংঘের এই প্রতিবেদনে বোঝা যাচ্ছে, দেশটি এখনও জঙ্গিদের সমর্থন মদদ দিয়ে চলেছে।
সংবাদ সংস্থা খামা জানিয়েছে, গত ২১ জুলাই আফগানিস্তানের কান্দাহার প্রদেশে নিহত সন্ত্রাসবাদীদের মৃতদেহ থেকে পাকিস্তানের পরিচয়পত্র পাওয়া গেছে। এতে অস্বস্তিতে পড়ে পাকিস্তান জানায়, তারা কোনও সন্ত্রাসবাদী গোষ্ঠীকে আর্থিক সাহায্য দেয় না। কান্দাহারে যে জঙ্গিদের কাছ থেকে পাক আইডি কার্ড পাওয়া গেছে বলে দাবি করা হয়েছে, তাদেরও কোনও সাহায্য পাকিস্তান করেনি।
সম্প্রতি ন্যাটোর রেসকিউ সাপোর্ট টিমের আকাশপথে হামলায় তাখত-ই-পল শহরে ২৫ তালেবান সদস্য নিহত হয়। এই ২৫ জনের মধ্যে ১২ জনই পাকিস্তানি।
গত মাসে পার্লামেন্টে রাখা বক্তব্যে ওসামা বিন লাদেনকে 'শহীদ' হিসেবে উল্লেখ করে দেশে বিদেশে সমালোচনায় পড়েন পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তানের বিরুদ্ধে ওঠা ঘনঘন এ ধরনের অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ২৫ জুন ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের পূর্ণাঙ্গ অধিবেশনে দেশটিকে আরও একবার 'ধূসর তালিকা'ভুক্ত করা হয়। সূত্র: টাইমস অব ইন্ডিয়া