ওজন কমাতে খাওয়া যাবে উইগোভি ওষুধ, এফডিএর অনুমোদন
ওজন কমানোর ওষুধ উইগোভির ট্যাবলেট
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫ | ১২:৩৭ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৫ | ১৩:৩৪
ওজন কমানোর জনপ্রিয় ওষুধ উইগোভির ট্যাবলেট সংস্করণ অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ নিয়ন্ত্রণ সংস্থা (এফডিএ)। ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান নোভো নরডিস্ক জানিয়েছে, এটি এ ধরনের প্রথম ওজন কমানোর ট্যাবলেট, যা গত সোমবার এফডিএর অনুমোদন পেল। ফলে ওজন কমানোর চিকিৎসায় একটি নতুন যুগের সূচনা হলো বলে মনে করা হচ্ছে।
নোভো নরডিস্কের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাইক ডাউস্টডার এক বিবৃতিতে বলেন, আজ উইগোভি ট্যাবলেট অনুমোদন পাওয়ার কারণে রোগীরা এখন দৈনিক একবার নেওয়া যায় এমন বড়ি খেতে পারবেন। মূল উইগোভি ইনজেকশনের মতোই এটি তাদের ওজন কমাতে সাহায্য করবে। এর আগে এফডিএ ডায়াবেটিসের চিকিৎসায় এ ধরনের ওষুধ ব্যবহারের অনুমোদন দিয়েছিল। তবে নতুন এই অনুমোদনের ফলে এখন চিকিৎসকরা ওজন কমানোর জন্যও ওষুধটির নাম চিকিৎসাপত্রে লিখতে পারবেন।
সাম্প্রতিক বছরগুলোতে জিএলপি-১ ব্যবহার করে তৈরি ওজেম্পিক, উইগোভি এবং মাউঞ্জারোর মতো ক্ষুধা কমানোর ওষুধগুলো খুব জনপ্রিয় হয়ে উঠেছে। এসব ওষুধ ক্ষুধা কমায়। আর তাতে ওজন কমানো সহজ হয়।
নোভো নরডিস্ক জানায়, তাদের ক্লিনিক্যাল ট্রায়ালে উইগোভি ট্যাবলেট ব্যবহারে অংশগ্রহণকারীদের গড় ওজন ১৬.৬ শতাংশ কমেছে। প্রায় এক হাজার ৩০০ অংশগ্রহণকারীর মধ্যে এক-তৃতীয়াংশের ক্ষেত্রে ২০ শতাংশ বা তার বেশি ওজন হ্রাস লক্ষ্য করা গেছে। ওষুধটির ট্যাবলেট সংস্করণ ২০২৬ সালের জানুয়ারির শুরুতে যুক্তরাষ্ট্রের বাজারে আনা হবে বলে আশা করা হচ্ছে।
গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, ওজন কমানোর কিছু ওষুধের দাম কমানোর বিষয়ে নোভো নরডিস্ক এবং এলি লিলি কোম্পানির সঙ্গে সরকারের চুক্তি হয়েছে। দাম কমানোর বিনিময়ে ওই দুই কোম্পানিকে শুল্ক-সংক্রান্ত নিশ্চয়তা দেওয়া হবে।
মার্কিন নাগরিকদের জন্য এই ওষুধগুলো কিনতে মাসে এক হাজার ডলারের বেশি খরচ হওয়ার কথা ছিল। কিন্তু চুক্তির আওতায় শুরুতে মুখে খাওয়ার এ ওষুধ মাত্র ১৫০ ডলারে পাওয়া সম্ভব হতে পারে। বিবিসি।
- বিষয় :
- ওজন নিয়ন্ত্রণ
- ওজন কমানো
- ওষুধ
