প্রাতঃভ্রমণে বেরিয়ে গুলিতে ঝাঁঝরা বিজেপি নেতা
সঞ্জয় খোকর
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ আগস্ট ২০২০ | ০৭:০৯
সাত সকালে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন উত্তর প্রদেশ বিজেপির একজন সাবেক জেলা সভাপতি সঞ্জয় খোকর। এ সময় অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে ঝাঁঝরা হয়ে যায় তার শরীর।
মঙ্গলবার সকালে পশ্চিম উত্তরপ্রদেশের বাঘপতে এই ঘটনা ঘটে। রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই হত্যার তদন্তের নির্দেশ দিয়ে ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন চেয়ে পাঠিয়েছেন। পুলিশ বলেছে, সঞ্জয় খোকর তার নিজেরই ক্ষেতে হাঁটার সময় একাধিকবার গুলিবিদ্ধ হন। খবর এনডিটিভির।
ঘটনাস্থল থেকে তোলা ছবিতে দেখা গেছে, সঞ্জয় খোকরের মৃতদেহটি একটি আখ খেতের পাশে পড়ে রয়েছে। রক্তে ভিজে তার কাপড়চোপড়।
বাঘপতের পুলিশ প্রধান অজয় কুমার বলেন, ব্যাপারটা ব্যক্তিগত শত্রুতার জের হতে পারে। আমরা তদন্ত করে দেখছি। গত মাসে দেশপাল খোকর নামে রাষ্ট্রীয় লোকদলের এক নেতাও গুলিবিদ্ধ হয়ে মারা যান।