যুক্তরাষ্ট্রের প্রস্তাব পেয়েছে ইরান, বৈঠক হতে পারে পাকিস্তান বা তুরস্কে: ইরানি কর্মকর্তা
ইরান যুদ্ধ বন্ধে আলোচনার আয়োজক হতে পারে তুরস্ক অথবা পাকিস্তান। প্রতীকী ছবি
রয়টার্স
প্রকাশ: ২৫ মার্চ ২০২৬ | ১৯:৩১
যুক্তরাষ্ট্রের একটি প্রস্তাব ইরানের কাছে পৌঁছে দিয়েছে পাকিস্তান। দেশটিতে উপসাগরীয় অঞ্চলের যুদ্ধ বন্ধ সংক্রান্ত বৈঠক হতে পারে। আয়োজক হতে পারে তুরস্কও।
বুধবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব তথ্য জানিয়েছেন ইরানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। তিনি বলেছেন, উত্তেজনা কমানোর জন্য পাকিস্তান অথবা তুরস্কের মধ্যে যেকোনো একটি দেশ আলোচনার ভেন্যু বা স্থান হতে পারে।
ইরানের পক্ষ থেকে প্রকাশ্যে দাবি করা হচ্ছে, ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব মেনে তারা কোনো চুক্তিতে যাবে না। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলার বিষয়টিও অস্বীকার করা হচ্ছে। এমন অবস্থায় ওই কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে আলোচনার সম্ভাব্য স্থান নিয়ে তথ্য দিলেন।
ইরানি ওই সূত্রটি পাকিস্তানের মাধ্যমে পাওয়া প্রস্তাবের বিস্তারিত তথ্য দেননি। এটি যুক্তরাষ্ট্রের ১৫ দফা সম্বলিত প্রস্তাবের রূপরেখা কি না তাও নিশ্চিত করেননি। তবে সূত্রটি জানিয়েছে, তুরস্ক যুদ্ধ শেষ করতে সহায়তা করেছে। তুরস্ক বা পাকিস্তানের যেকোনো একটিকে আলোচনার স্থান হিসেবে বিবেচনা করা হচ্ছে।
পাকিস্তান ইরানের প্রতিবেশী দেশ। শীর্ষ মার্কিন কর্মকর্তাদের উপস্থিতিতে তারা যুদ্ধ বন্ধের আলোচনার প্রস্তাব দিয়েছে। অপরদিকে তুরস্কের ক্ষমতাসীন দলের একজন শীর্ষ নেতা হারুন আরমাগান জানিয়েছেন, আঙ্কারা ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বার্তা আদান-প্রদানে ভূমিকা রাখছে।
ইসরায়েলের মন্ত্রিসভার তিনটি সূত্রের মাধ্যমে জানা গেছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নিরাপত্তা পরিষদকেও মার্কিন প্রস্তাবের বিষয়ে জানানো হয়েছে। প্রস্তাবের মূল শর্তগুলোর মধ্যে আছে- ইরানের উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত সরিয়ে ফেলা, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি সীমিত করা এবং আঞ্চলিক প্রক্সি গোষ্ঠীদের অর্থায়ন বন্ধ করা।
তবে সম্ভাব্য বিকল্প পথও তৈরি করছে পেন্টাগন। পারস্য উপসাগরে তারা বিশেষ বাহিনীর কয়েক হাজার সেনা পাঠানোর পরিকল্পনা করছে। এটি বাস্তবায়ন হলে ইরানে স্থল অভিযানের নির্দেশ দেওয়ার মতো বিকল্প উপায় পাবেন ডোনাল্ড ট্রাম্প।
বুধবার যুক্তরাষ্ট্রের ১৫ দফা পরিকল্পনার খবর প্রকাশের পর বিশ্ববাজারে তেলের দাম কমেছে। শেয়ারবাজারগুলোও ঘুরে দাঁড়াতে শুরু করেছে। বিনিয়োগকারীরা আশা করছেন, প্রায় চার সপ্তাহ ধরে চলা এই যুদ্ধের অবসান ঘটবে।
