চীনের মধ্যস্থতায় বৈঠকে আফগানিস্তানকে তিন শর্ত পাকিস্তানের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬ | ১২:০৭
চীনের মধ্যস্থতায় দেশটির উরুমকিতে চলমান বৈঠকে আফগানিস্তানের কাছে তিনটি গুরুত্বপূর্ণ শর্ত তুলে ধরেছে পাকিস্তান। চলমান এই আলোচনায় বেইজিং দুই পক্ষকে একটি পাঁচ দফা কাঠামোয় একমত করানোর চেষ্টা করছে।
কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন। ইসলামাবাদের পক্ষ থেকে শুরুতেই যে তিনটি দাবি জানানো হয়েছে, সেগুলো হলো– আফগান সরকার আনুষ্ঠানিকভাবে তেহরিক-ই-তালেবান পাকিস্তানকে (টিটিপি) সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করবে, তাদের সব ধরনের অবকাঠামো ভেঙে দেবে এবং এসব পদক্ষেপের যাচাইযোগ্য প্রমাণ দেবে।
পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর এখন পর্যন্ত কেবল সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে, উরুমকিতে আলোচনা চলছে, তবে আলোচনার অগ্রগতি বা এজেন্ডা সম্পর্কে বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।
সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তাহির আন্দ্রাবি বলেন, এই বৈঠকে অংশগ্রহণকে নীতিগত কোনো পরিবর্তন হিসেবে দেখা যাবে না, বিশেষ করে চলমান সামরিক অভিযানের ক্ষেত্রে।
গত সপ্তাহে যে ‘অপারেশন গাজাব লিল হক’-এর কথা বলেছিলাম, তাতে কোনো মৌলিক পরিবর্তন আসেনি।
অন্যদিকে, আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি জানিয়েছেন, আলোচনা এখনও চলছে। তালেবান সরকার আলোচনার মাধ্যমেই পাকিস্তানের সঙ্গে বিরোধ মেটাতে চায়।
- বিষয় :
- চীন
- পাকিস্তান
- আফগানিস্তান
