ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

হরমুজে ‘রক্ষণাত্মক’ অভিযান চলাতে বৈঠকে বসছে ফ্রান্স-যুক্তরাজ্য

হরমুজে ‘রক্ষণাত্মক’ অভিযান চলাতে বৈঠকে বসছে ফ্রান্স-যুক্তরাজ্য
×

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার (বাঁয়ে) ও ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। ফাইল ছবি: এএফপি

এএফপি

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬ | ১৮:৫১

হরমুজ প্রণালিতে নিরাপত্তা নিশ্চিতের জন্য ‘সম্পূর্ণ রক্ষণাত্মক’ অভিযান শুরু করতে চায় ফ্রান্স ও যুক্তরাজ্য। এ লক্ষ্যে দেশ দুটির উদ্যোগে শুক্রবার একটি ভার্চুয়াল সম্মেলন হওয়ার কথা।

মঙ্গলবার ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় থেকে সম্মেলনের তথ্য নিশ্চিত করা হয়েছে। এলিসি প্যালেস জানায়, প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বৈঠকে সহ-সভাপতিত্ব করবেন। আলোচনার মূল বিষয় হবে- নিরাপত্তা পরিস্থিতি অনুকূলে আসামাত্র হরমুজ প্রণালিতে নৌ-চলাচলের স্বাধীনতা ফিরিয়ে আনার প্রক্রিয়া।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন মুখপাত্র বলেন, সম্মেলনের মূল লক্ষ্য একটি সমন্বিত, স্বাধীন এবং বহুজাতিক পরিকল্পনা তৈরি করা। যাতে যুদ্ধ শেষ হওয়ার পর আন্তর্জাতিক জাহাজগুলো নিরাপদে চলাচল করতে পারে।

সোমবার কিয়ার স্টারমার জানান, ব্রিটেন ইতোমধ্যেই ৪০টিরও বেশি দেশকে এই উদ্যোগে শামিল করতে সক্ষম হয়েছে। গত মাসের শুরুতে এমানুয়েল মাখোঁ জানিয়েছিলেন, কৌশলগত জলপথটি পুনরায় সচল করতে ফ্রান্স এবং মিত্ররা একটি ‘প্রতিরক্ষামূলক’ অভিযানের প্রস্তুতি নিচ্ছে। মাখোঁ তখন বলেছিলেন, যুদ্ধ চলাকালে তারা জাহাজ পাহারা দেওয়ার ঝুঁকি নেবেন না।

মঙ্গলবার রেডিও ফ্রান্স ইন্টারন্যাশনালকে (আরএফআই) দেওয়া এক সাক্ষাৎকারে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারো বলেন, এই অভিযানের রূপরেখা নির্ধারণের জন্য বেশ কয়েকটি দেশ প্রস্তুতিমূলক কাজে অংশ নিয়েছে। এটি দেশগুলোর সেনাপ্রধানদের নেতৃত্বে পরিচালিত হচ্ছে।

ট্রাম্প-পেজেশকিয়ানকে অনুরোধ
ইসলামাবাদে ভেস্তে যাওয়া আলোচনা পুনরায় শুরুর জন্য ডোনাল্ড ট্রাম্প ও মাসুদ পেজেশকিয়ানকে অনুরোধ করেছেন ফরাসি প্রেসিডেন্ট। মঙ্গলবার এক্সে দেওয়া এক পোস্টে মাখোঁ লিখেন, সোমবার এই দুই নেতার সঙ্গে তাঁর ফোনালাপ হয়েছে। এ সময় পারস্পরিক ভুল বোঝাবুঝি দূর করে তাদের সংলাপে বসার আহ্বান জানানো হয়।

এক্স পোস্টে মাখোঁ আরও লিখেন, ‘যুদ্ধবিরতি মেনে চলা সবপক্ষের জন্যই জরুরি। এর আওতায় লেবাননকেও যেন অন্তর্ভুক্ত করা হয়।’ কোনো শর্ত, বিধিনিষেধ বা টোল ছাড়াই হরমুজ প্রণালি খুলে দেওয়ারও আহ্বান জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট।

আরও পড়ুন

×