ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

জার্মানির লাইপজিগে ভিড়ের মধ্যে গাড়ি ঢুকে নিহত ২, আহত বহু

জার্মানির লাইপজিগে ভিড়ের মধ্যে গাড়ি ঢুকে নিহত ২, আহত বহু
×

ছবি: বিবিসি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ মে ২০২৬ | ১৬:৪৯

জার্মানির পূর্বাঞ্চলীয় শহর লাইপজিগ-এ একটি গাড়ি ভিড়ের মধ্যে ঢুকে পড়ায় অন্তত দুইজন নিহত এবং আরও বহু মানুষ আহত হয়েছেন। সোমবার বিকেলে শহরের কেন্দ্রস্থল গ্রিমাইশ এলাকায় এ ঘটনা ঘটে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

লাইপজিগের মেয়র বুর্খার্ড ইয়ুং জানান, সন্দেহভাজন হামলাকারী ৩৩ বছর বয়সী এক জার্মান নাগরিক, যাকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এখনো হামলার সুনির্দিষ্ট উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশের তথ্য অনুযায়ী, একটি গাড়ি দ্রুতগতিতে অগাস্টুসপ্লাটজ এলাকা অতিক্রম করে গ্রিমাইশ দিয়ে যাওয়ার সময় পথচারীদের ওপর উঠে যায়। এতে অন্তত ২২ জন আহত হন, যাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।

অভিযুক্ত ব্যক্তি আগে থেকেই মানসিক সমস্যায় ভুগছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

প্রসিকিউটর কার্যালয় জানিয়েছে, নিহতরা হলেন ৬৩ বছর বয়সী এক নারী ও ৭৭ বছর বয়সী এক পুরুষ, দুজনই জার্মান নাগরিক। সন্দেহভাজনের বিরুদ্ধে হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে তদন্ত চলছে। এখন পর্যন্ত কোনো ধর্মীয় বা রাজনৈতিক উদ্দেশ্যের প্রমাণ পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি জোরালো শব্দ শোনার পর তারা দ্রুত আশ্রয় নেন। পরে বাইরে এসে আহতদের রাস্তায় পড়ে থাকতে দেখেন। স্থানীয় লোকজন আহতদের প্রাথমিক চিকিৎসা দেন এবং অভিযুক্তকে আটকাতে সাহায্য করেন।

সাম্প্রতিক বছরগুলোতে জার্মানিতে এ ধরনের গাড়ি হামলার ঘটনা বেড়েছে। ২০২৪ সালের ডিসেম্বরে মাগডেবুর্গ-এ একটি ক্রিসমাস মার্কেটে হামলায় অন্তত ছয়জন নিহত হন। এছাড়া ২০২৫ সালের শুরুর দিকে মিউনিখ-এ একই ধরনের ঘটনায় অন্তত ৩০ জন আহত হন।
 

আরও পড়ুন

×