ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সরিয়ে নেওয়া হলো মমতা-অভিষেকের বাড়ির নিরাপত্তা

সরিয়ে নেওয়া হলো মমতা-অভিষেকের বাড়ির নিরাপত্তা
×

মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়।

অনালাইন ডেস্ক

প্রকাশ: ০৬ মে ২০২৬ | ১৩:০৭

পশ্চিমবঙ্গের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ও কার্যালয়ের সামনে থেকে অতিরিক্ত পুলিশি নিরাপত্তা সম্পূর্ণভাবে সরিয়ে নেওয়া হয়েছে।

লালবাজারের তরফে মঙ্গলবারই একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছিল, ৯, ক্যামাক স্ট্রিট, ১২১, কালীঘাট রোড এবং ১৮৮এ, হরিশ চ্যাটার্জি স্ট্রিট - এই তিন ঠিকানায় বুধবার সকাল সাড়ে ৬টা থেকে আর অতিরিক্ত বাহিনী মোতায়েন থাকবে না। সেই নির্দেশ অনুযায়ী বুধবার সকালেই বাস্তবায়ন শুরু হয়।

নির্ধারিত সময়ের পর ওই তিন জায়গায় মোতায়েন থাকা পুলিশকর্মীরা নিজেদের দায়িত্ব থেকে সরে যান। নিরাপত্তার জন্য যে অস্থায়ী কিয়স্ক বসানো হয়েছিল, সেগুলিও খালি হয়ে যায়। ফলে দীর্ঘদিন পর ওই এলাকাগুলির নিরাপত্তা ব্যবস্থায় স্পষ্ট পরিবর্তন দেখা যায়।

১৮৮এ, হরিশ চ্যাটার্জি স্ট্রিটে বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের সামনে এতদিন যে বাড়তি নিরাপত্তা ও ব্যারিকেড ছিল, তা রাজ্যে পরিবর্তনের ২৪ ঘণ্টার মধ্যেই সরিয়ে নেওয়া হয়। লালবাজারের নির্দেশ অনুযায়ী, এখন আর সেখানে অতিরিক্ত পুলিশি প্রহরা থাকবে না। তবে প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে প্রোটোকল অনুযায়ী যে নিরাপত্তা প্রাপ্য, তা বহাল থাকবে।

অন্যদিকে, শেক্সপিয়র থানার অন্তর্গত ৯, ক্যামাক স্ট্রিটে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ের সামনেও মঙ্গলবার থেকেই ধাপে ধাপে নিরাপত্তা কমতে শুরু করে। বুধবার সেখানে পুরোপুরি অতিরিক্ত পুলিশি উপস্থিতি তুলে নেওয়া হয়। একইভাবে ১২১, কালীঘাট রোডে তাঁর বাসভবনের সামনেও নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে।

আরও পড়ুন

×