শি’র সঙ্গে ‘দারুণ’ বৈঠক হয়েছে, বললেন ট্রাম্প
ছবি-সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ মে ২০২৬ | ১২:৩৫ | আপডেট: ১৪ মে ২০২৬ | ১২:৫৩
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ে মধ্যকার বৈঠক শেষ হয়েছে। আলোচনাটি প্রায় দুই ঘণ্টা ধরে চলে, যা মূল নির্ধারিত সময়ের দ্বিগুণ।
বৃহস্পতিবার চীনা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পর টেম্পল অব হেভেন-এ পৌঁছানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আলোচনা ‘দারুণ’ হয়েছে।
প্রকাশিত এক প্রতিবেদনে বিবিসি জানায়, সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প সংক্ষেপে বলেন আলোচনা ‘গ্রেট’ হয়েছে।
তবে তাইওয়ান ইস্যু নিয়ে আলোচনা হয়েছে কি না—এ বিষয়ে পরবর্তী প্রশ্নের কোনো উত্তর তিনি দেননি।
স্থানীয় সময় বুধবার বেইজিং পৌঁছান মার্কিন প্রেসিডেন্ট। এ সময় বিমানবন্দরে তাকে স্বাগত জানান চীনের ভাইস প্রেসিডেন্টসহ দেশটির শীর্ষ কর্মকর্তারা। ২০১৭ সালের পর এটিই ট্রাম্পের প্রথম চীন সফর।
বৈঠকের শুরুতে ট্রাম্প চীনের প্রেসিডেন্টকে জানান তিনি তার সঙ্গে বিশ্বের সেরা ব্যবসায়ী প্রতিনিধিদের নিয়ে এসেছেন।
তিনি বলেন, “আমরা এক ছিলাম। যখনই কোনো সমস্যা হয়েছে আমরা সমাধান করেছি। আমি আপনাকে কল দিতাম। আপনি আমাকে কল দিতেন। মানুষ জানে না যখনই আমাদের মধ্যে কোনো সমস্যা হয়েছে, আমরা দ্রুত সময়ের মধ্যে এটির সমাধান করেছি।”
নিজের সঙ্গে সেরা ব্যবসায়ী প্রতিনিধিদের নিয়ে এসেছেন উল্লেখ করে ট্রাম্প বলেছেন, “আজকের সেরা ব্যক্তিরা এখানে এসেছেন শুধুমাত্র আপনাকে সম্মান জানাতে।”
এই বৈঠককে মানুষ বিশ্বের সবচেয়ে বড় সম্মেলন হিসেবে অভিহিত করছে উল্লেখ করে ট্রাম্প শি জিনপিংকে বলেন, আলোচনা ফলপ্রসু হওয়ার ক্ষেত্রে আমি আশাবাদী।
