ঢাকা রোববার, ০৭ জুন ২০২৬

পোল্যান্ডে আরও পাঁচ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

পোল্যান্ডে আরও পাঁচ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ মে ২০২৬ | ০৫:৪৭

পোল্যান্ডে আরও পাঁচ হাজার সেনা পাঠানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পেন্টাগন চার হাজার সেনা পাঠানোর পূর্বনির্ধারিত সিদ্ধান্ত বাতিল করার এক সপ্তাহ পর তিনি এই নতুন ঘোষণা দিলেন। গতকাল শুক্রবার বিবিসির খবরে এমনটি বলা হয়েছে।

নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, পোল্যান্ডের প্রেসিডেন্ট কারোল নাভরোকির সঙ্গে যুক্তরাষ্ট্রের সুসম্পর্কের ভিত্তিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত বছরের নির্বাচনে ট্রাম্প নাভরোকিকে সমর্থন জানিয়েছিলেন। তবে এই বাড়তি সেনা মোতায়েন আগের স্থগিত হওয়া মিশনের অংশ কিনা, সে বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট কোনো ব্যাখ্যা দেননি। গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে পোল্যান্ডে প্রায় ১০ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে।

কয়েক সপ্তাহ ধরে হোয়াইট হাউস ইঙ্গিত দিয়ে আসছে যে তাদের ‘আমেরিকা ফার্স্ট’ নীতির অংশ হিসেবে তারা ইউরোপে সামগ্রিক মার্কিন সেনার সংখ্যা কমিয়ে আনতে চায়। চলতি মাসের শুরুর দিকে জার্মানি থেকেও পাঁচ হাজার সৈন্য প্রত্যাহারের ঘোষণা দিয়েছিল যুক্তরাষ্ট্র।

ইরানের সঙ্গে যুদ্ধ ইস্যুতে ট্রাম্প এবং জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎসের মধ্যে সৃষ্টি হওয়া তিক্ত সম্পর্কের জেরে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। হরমুজ প্রণালিতে ইরানকে চাপে রাখার বিষয়ে ওয়াশিংটনের ন্যাটো মিত্ররা সহযোগিতা করতে আগ্রহী না হওয়ায় ট্রাম্প তাদের ওপর ক্ষুব্ধ।

এই পরিস্থিতির মধ্যেই শুক্রবার সুইডেনে ন্যাটো দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের একটি সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও উপস্থিত থাকবেন। আশা করা হচ্ছে, রুবিও ন্যাটো অংশীদারদের প্রতিরক্ষা খাতের ব্যয়ভার আরও বেশি বহন করার আহ্বান জানাবেন।

সম্মেলনের আগে বিবিসি তাঁর কাছে জানতে চায়, কোনো ন্যাটো সদস্য দেশ হামলার শিকার হলে সেখানে মার্কিন সেনার সংখ্যা কমিয়ে ফেলার যে গুঞ্জন শোনা যাচ্ছে, সে বিষয়ে তাঁর বক্তব্য কী।

জবাবে রুবিও জানান, সম্মেলনে এই ধরনের কিছু বিষয় নিয়ে আলোচনা হবে। তিনি আরও যোগ করেন, ট্রাম্প ন্যাটো মিত্রদের ওপর অত্যন্ত বিরক্ত ও হতাশ।

আরও পড়ুন

×